২০১৩ সালের ডিসেম্বরে বিএনপি ও জামায়াতে ইসলামীর হরতাল-অবরোধের সময় সিরাজগঞ্জের ফকিরতলা এলাকায় নাশকতার মামলায় ২৮ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ১৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে পাঁচ বছর করে সাজা দেওয়া হয়েছে। খালাস দেওয়া হয়েছে অভিযোগপত্রভুক্ত বাকি ৩২ আসামিকে।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে ১১ জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন ও পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত ১০ জন। বাকি ১৭ জন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর থানার চক ব্রহ্মণগাঁতী গ্রামের আবদুল খালেকের ছেলে মিজানুর রহমান, খলিশাকুড়া গ্রামের মালেক মাওলানার ছেলে কাইউম মুন্না, খলিশাকুড়া খিচুড়িপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে মোকলেসুর রহমান, আনোয়ার হোসেনের ছেলে রিয়াজ হাসান, চন্দ্রকোনা গ্রামের গোলাম কাদেরের ছেলে চান মিয়া শেখ, আবুল কালামের ছেলে শাহ আলম, চর ছনগাছা গ্রামের শহিদের ছেলে সুমন, সুলাইমান শেখের ছেলে হামিদ, ঘোড়াচড়া এলাকার আজিজুল সরকারের ছেলে মোমিন, আমলাপাড়া এলাকার আবদুস সালামের ছেলে আবু সাঈদ, নতুন ভাঙ্গাবাড়ি দক্ষিণপাড়া এলাকার আমির হোসেনের ছেলে সবুজ, জারিলা পোড়াবাড়ি এলাকার সুজাবদ আলীর ছেলে আনিসুর রহমান, পূর্ব মোহনপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে আবদুল আলিম ওরফে ডাকাত আলিম, আবদুল করিমের ছেলে বাবু ওরফে ডাকাত বাবু, ধানবান্ধি জেসি রোড এলাকার নুরুল ইসলমের ছেলে মোতালেব ওরফে তালেব। তাঁদের মধ্যে শুধু হামিদ রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
এ ছাড়া পাঁচ বছর সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিলন্দা এলাকার মোসলেমের ছেলে শফি, হোসেনপুর বউবাজার এলাকার গুটু শেখের ছেলে হাকু, আমলাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে আলমগীর আলম ওরফে প্যাটেল আলম, দৌলতপুর খোকসাবাড়ি এলাকার মৃত রাকিব উদ্দিন শেখের ছেলে জুড়ান আলী, একডালা শহর এলাকার জয়েনউদ্দিন ভূঁইয়ার ছেলে লুৎফর ভূঁইয়া, পুরাতন শৈলাবাড়ি এলাকার মৃত আজাহার আলীর ছেলে বাবুল শেখ, হাট সারটিয়া এলাকার আজাহার মোল্লার ছেলে সানোয়ার হোসেন, গাছাবাড়ি এলাকার মৃত মানিক চাঁদের ছেলে আলেক চাঁদ, বাঐতারা এলাকার হাসেম সরকারের ছেলে ইসমাইল হোসেন, খোকসাবাড়ি হাটখোলা এলাকার মৃত ইসমাইলের ছেলে মোস্তাকিম, নুরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, ধানবান্ধি জেসি রোড এলাকার জুলমত শেখের ছেলে জিয়া হাসান ওরফে জন ওরফে জনি, আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান পাপ্পু। তাঁদের মধ্যে পাপ্পু, জনি ও ইসমাইল হোসেন পলাতক রয়েছেন। পাঁচ বছর দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এন্তাজুল হক বাবু।
আসামিপক্ষের আইনজীবী সেলিম রেজা সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ১১ ডিসেম্বর সকালে জামায়াতের হরতাল ও বিএনপির অবরোধের সময় দল দুটির নেতা-কর্মীরা সিরাজগঞ্জ সদর উপজেলার ফকিরতলা বেইলি সেতুর পাটাতন খুলে ফেলেন এবং সেখানে নাশকতা চালান। বাধা দিতে গেলে তাঁরা পুলিশের ওপর হামলা করেন। এ ঘটনায় ওই দিন সিরাজগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাদী হয়ে ৪০ জনের নামে মামলা করেন। তদন্ত শেষে ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন অর রশিদ খান বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৫ জনের মধ্যে ১২ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী। আর পাঁচ বছর সাজাপ্রাপ্তদের মধ্যে আলমগীর আলম জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও লুৎফর ভূঁইয়া সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। বাকিরা বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থক।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজন জামায়াতের সমর্থক। পাঁচ বছর সাজাপ্রাপ্ত ১৩ জনের মধ্যে বিএনপির নয়জন এবং জামায়াতের চারজন।