রোজগারের আশায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিশিপুর গ্রামের বাদল সেখের একমাত্র ছেলে তারেক সেখ পরিবারকে না জানিয়ে দুই মাস আগে অবৈধভাবে মালয়েশিয়ায় যেতে সমুদ্রপথে রওনা দেন। গত ১৪ এপ্রিল হঠাৎ দালালের মাধ্যমে বাদল সেখ জানতে পারেন, তারেক গভীর সমুদ্রে ট্রলারে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির কারণে ট্রলারটি ভিড়তে পারছে না। এ অবস্থা জানার পর থেকে উৎকণ্ঠিত তারেকের পরিবার।
তারেকের মতো এই জেলার চার শতাধিক পরিবারের এখন প্রায় একই অবস্থা। কারণ, অবৈধভাবে বিদেশে পাড়ি দেওয়া জেলার চার শতাধিক যুবকের কোনো খোঁজ নেই। জেলার বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় এমন ঘটনা বেশি।
সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে সিরাজগঞ্জের বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট ফর ডিজঅ্যাডভানটেজড পিপল (ডিডিপি)। গত বছর রামরুর সহযোগিতায় ডিডিপির করা গবেষণায় বলা হয়েছে, সিরাজগঞ্জের সাত উপজেলা থেকে গত বছর আট মাসে চার হাজার লোক সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে গেছেন। এঁদের মধ্যে ডিসেম্বর পর্যন্ত ৫০০ জনের হদিস পাওয়া যায়নি। ২৫০ জনের সন্ধান মিলেছে থাইল্যান্ডের বিভিন্ন কারাগারে। বাকি ৩ হাজার ২৫০ জনের পরিবারের অধিকাংশ থেকে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করেছে পাচারকারীরা। ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা বলেন, সিরাজগঞ্জ এলাকাটি নদীভাঙনকবলিত। যে কারণে ভিটেমাটিহারা অশিক্ষিত যুবকেরা সহজেই দালালদের খপ্পরে পড়ছেন।
ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, মালয়েশিয়ায় চাকরির নিশ্চয়তা দিয়ে দালাল চক্র যুবকদের প্রলুব্ধ করে টাকা ও পাসপোর্ট ছাড়াই সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠায়। বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের রুমা বেগম জানান, গত অক্টোবরে কাউকে না বলে তাঁর স্বামী হেলাল উদ্দীন মালয়েশিয়ায় যান। এরপর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গত মাসে পুলিশ বাড়িতে এসে জানিয়েছে, তিনি মালয়েশিয়ার জেলে আছেন।
একই উপজেলার চরনিশিপুর গ্রামের তানজিলা বেগম (৩০) জানান, এক বছর আগে কাউকে কিছু না জানিয়ে তাঁর স্বামী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। এখনো স্বামীর খবর পাননি।
একইভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ধরা পড়ে থাইল্যান্ডে ছয় মাস জেল খেটে দেশে ফেরেন চালা গ্রামের ওমর সানি (১৯)। তিনি বলেন, ১৫০ জনের ধারণক্ষমতার একটি ট্রলারে চার শতাধিক যুবক নিয়ে রওনা হওয়া ট্রলারে একজন পানির জন্য চিৎকার করায় গুলি করে তাঁকে হত্যা করা হয়। দুজন পানি ও খাবার না পেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে মারা যান। দুজন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সমুদ্রে ফেলে দেওয়া হয়। দিন-রাতে দুবেলা শুকনো খাবার দেওয়া হতো। কিছু বললেই মারধর করা হতো। স্থানীয় নূরুল ইসলাম দালালের মাধ্যমে তাঁর গ্রুপের ২৬ জনকে পাঠানো হলেও তাঁদের অনেকেই নিখোঁজ।
কামারখন্দের শ্যামপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৫) জানান, গত অক্টোবরে তাঁর ভাই মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। ২১ দিন পর এক দালাল বাসায় ফোন করে আড়াই লাখ টাকা দাবি করে। জমি ও বাড়ির একটি অংশ বিক্রি করে দালালের টাকা পরিশোধ করা হলেও ভাইয়ের কোনো সন্ধান পাচ্ছেন না। সমুদ্রপথে মালয়েশিয়ায় গিয়ে ফেরত আসা শাহজাদপুরের রুপনাই গ্রামের মজনু মিয়া জানান, প্রথমে তাঁকে থাইল্যান্ডের জঙ্গলের মধ্যে রাখা হয়। বেদম মারধর করে বাড়িতে ফোন করানো হয়। এক সপ্তাহ পর সেখান থেকে পাচারকারীরা তাঁকে অন্য একটি জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়। প্রায় ১৫ দিন অনাহারে থেকে জঙ্গলেই জ্ঞান হারান। পরে থাইল্যান্ডের পুলিশ তাঁকে উদ্ধার করে। সাত মাস জেল খেটে দেশে ফেরেন।
জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের জরিপ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, ‘জেলার অনেকেই নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে সরকারি হিসাব ছাড়া আমরা কোনো মন্তব্য করতে পারি না। অনেকেই অভিযোগ করে না। এ পর্যন্ত ৩১ জনকে সরকারিভাবে মালয়েশিয়া থেকে ফেরত আনা হয়েছে।’
সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, দালালেরা কিছু মানুষের সঙ্গে সখ্য তৈরি করে মানব পাচার করছে। তবে এ ব্যাপারে ভুক্তভোগীদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।