সিরাজগঞ্জের ৫৭১টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের ৭টি উপজেলার অন্তত ৬১৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে ৫৭১টিতে ১১ দিন ধরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্যার পানি এসব প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে আসবাবপত্র।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার নয়টি উপজেলায় মোট ১ হাজার ৬৫৬টি প্রাথমিক এবং ৭২০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বন্যার পানি ওঠায় ৪১৯টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান গত ২২ জুলাই থেকে বন্ধ রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ।
বন্যায় এসব বিদ্যালয়ের কোনোটিতে এখন হাঁটুপানি, কোনোটিতে চালসমান পানি উঠে গেছে। রাস্তাঘাটও পানিতে তলিয়ে আছে। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। শ্রেণিকক্ষ থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত ক্লাস শুরু করা সম্ভব হবে না। আবার কোনো কোনো বিদ্যালয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো সংস্কার করার পরই ক্লাস শুরু করতে হবে।
গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত শাহজাদপুর, কাজীপুর ও চৌহালী উপজেলার অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে তিন থেকে চার ফুট পানি উঠেছে। চেয়ার, টেবিল, বেঞ্চসহ বিভিন্ন আসবাব ও কাগজপত্র পানিতে নষ্ট হচ্ছে। কাজীপুরের খাসরাজবাড়ী প্রাথমিক বিদ্যালয় ও সিরাজগঞ্জ সদরের গোতিয়া সমশের আলী উচ্চবিদ্যালয়ের অবকাঠামো বন্যার প্রভাবে ভেঙে গেছে।
শাহজাদপুরের দামুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছালমা খাতুন বলে, স্কুল ও বাড়ি—দুই জায়গাতেই পানি উঠেছে। সামনে সমাপনী পরীক্ষা। তার জন্য প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছে।
অভিভাবক শ্যামবাড়িয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান বলেন, তাঁদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়টির জানালা পর্যন্ত পানি উঠে গেছে। শিক্ষকেরাও বিদ্যালয়ে আসতে পারছেন না। ফলে ছেলেমেয়েদের লেখাপড়া নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।
হামলা কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন বলেন, ১০ দিন ধরে তাঁর বিদ্যালয়টি পানিবন্দী। প্রবল স্রোতে বিদ্যালয়ের দুটি টিনের বেড়া ভেঙে গেছে। আসবাবপত্রে পচন ধরেছে। বেশির ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না। শুধু পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাশের একটি উঁচু বাড়ির উঠানে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকী জানান, উপজেলার ২২২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩০টিতে এখন পাঠদান বন্ধ। এর মধ্যে কৈজুরী ইউনিয়নের সব কটি বিদ্যালয়ই বন্ধ হয়ে গেছে। তবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিকল্প কোথাও ক্লাস করানোর জন্য শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বন্যার কারণে জেলায় প্রাথমিকের প্রায় সোয়া লাখ শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে। বিদ্যালয়গুলোর আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এলিজা সুলতানা বলেন, মাধ্যমিকের প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীর পাঠদান বন্ধ রাখা হয়েছে। পানি নেমে গেলে ক্লাস শুরু করা হবে।