সিরাজদিখানে কালীমেলা আজ থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের মাঠে ৫০০ বছরের ঐতিহ্যবাহী কালীমেলা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। তিন দিনের এই মেলার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছে।কালীমন্দির কমিটির সভাপতি পলু চন্দ্র দাস বলেন, বাংলা ৯০১ সনে শেখরনগর কালীমন্দির প্রতিষ্ঠা করা হয়। এর পর থেকে প্রতিবছর চৈত্র মাসের কোনো এক মঙ্গলবার কালীপূজার আয়োজন করা হয়। মন্দির কমিটি জানায়, কালীপূজার শুরুর দিন ভোরে পাঁচ শর বেশি পাঁঠা বলি দেওয়া হয়। বিভিন্ন ব্যক্তি কোনো কিছু মানত করে বলির জন্য ওই সব পাঁঠা দান করেন। এলাকাবাসী জানান, মেলায় বিভিন্ন পণ্যের পসরা নিয়ে শতাধিক দোকান শেখরনগরের মাঠে বসে। ওই মাঠে ছয় শতাধিক স্টল বসানো হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে বিকিকিনি শুরু করেছেন দোকানিরা। অনেক দর্শনার্থীও ছিলেন।কালীমেলায় হিন্দুধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের লোকজন আসেন। দেশের বিভিন্ন জেলার লোকজনের পাশাপাশি ভারত, নেপাল ও ভুটান থেকেও লোকজন মেলা পরিদর্শন করেন। মেলায় শিশুদের খেলনার দোকানি ঢাকার নবাবগঞ্জ এলাকার রবি দাস বলেন, আট বছর ধরে তিনি এখানে স্টল দিচ্ছেন। মেলা পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন বলেন, সব আয়োজন সম্পন্ন। তবে এবার হরতাল থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মেলার নিরাপত্তার জন্য এবার পুলিশের সঙ্গে আনসার সদস্যদেরও যুক্ত করা হয়েছে।