সিরাজদিখানে ডাকাতের হামলার ঘটনায় মামলা, পুলিশ ক্যাম্প স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে পাঁচ বাড়িতে ডাকাতি ও ডাকাতদের হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার সিরাজদিখান থানায় মামলা হয়েছে৷ ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে আনোয়ার ব্যাপারীর ভাই শাহ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন৷
মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে৷ আসামিদের মধ্যে সাইফুল, শ্যামল, মাসুম ও পঙ্কজকে গ্রেপ্তার করা হয়েছে৷ ওই ডাকাতির ঘটনার পর শেখরনগরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে৷
গত রোববার গভীর রাতে শেখরনগরের পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে৷ ডাকাতেরা রিঙ্কু শীল নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে৷ তারা পাঁচ বাড়ি থেকে প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়৷
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, শেখরনগর বাজারে পুনরায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে৷ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷