সিরাজদিখানে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আনারস মার্কা নিয়ে নির্বাচন করছেন মজিবুর রহমান। দেয়ালঘড়ি মার্কায় নির্বাচন করছেন আবুল কাশেম। আবুল কাশেমের সমর্থকদের অভিযোগ, স্থানীয় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী পুলিশের একটি গাড়ি নিয়ে মজিবুর রহমানের পক্ষে নির্বাচনী জনসংযোগ করছেন। গতকাল রাত আটটার দিকে রাজানগর বাজারে ওই গাড়িটির গতিরোধ করেন আবুল কাশেমের সমর্থকেরা। তাঁরা ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীকে পুলিশের পরিচয়ে গাড়ি ব্যবহার করে প্রচারণা না চালানোর জন্য বলেন। এই নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের কয়েক শ লোক লাঠিসোঁটা নিয়ে রাজানগর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পাঁচজন আহত হন।এদিকে, সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ায় সৈয়দপুর এলাকায় আবুল কাশেমের সমর্থকেরা মজিবুরের পক্ষের একটি ক্লাবঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মজিবুর ও কাশেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।