সিরাজদিখানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতের এ ঘটনায় উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। জৈনসার ইউপির বর্তমান চেয়ারম্যান ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আলী আলমাস বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের সমর্থনে তাঁর কর্মীরা শুক্রবার দিবাগত রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ১৫/২০টি মোটরসাইকেল নিয়ে ভাটিমভোগ ভবানীপুর এলাকায় প্রচার চালায়। এ সময় তাঁর সমর্থকেরা বাধা দিলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে রফিকুলের ভাই লুৎফর রহমান বলেন, ভাটিমভোগ এলাকার দু-তিনজন কর্মীকে রাতে বাড়িতে পৌঁছে দিতে গেলে আলমাসের লোকজন তাঁদের কর্মীদের মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।