সিরাজদিখানে দুজন নিহত হওয়ার ঘটনায় থানায় তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখেরনগর ইউনিয়নের ফৌনপুর গ্রামে গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি ও গ্রামবাসীর গণপিটুনিতে এক সন্ত্রাসী নিহতের ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সিরাজদিখান থানায় মামলাগুলো করা হয়। সন্ত্রাসীর গুলিতে বাহরাইন-ফেরত ফারুক নিহত হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেন। অস্ত্র আইনে একটি মামলা করেন সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) হান্নান। গ্রামবাসীর পিটুনিতে সন্ত্রাসী জুয়েল নিহত হওয়ার ঘটনায় এসআই হান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জন গ্রামবাসীকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায়, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফারুক ও জুয়েলের লাশ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার রাতে সিরাজদিখানের ফৌনপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে ফারুক নিহত হন। এ সময় গ্রামবাসীর পিটুনিতে জুয়েল নামে এক সন্ত্রাসী প্রাণ হারায়।