মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল সোমবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর একটিতে আগুন লেগে যায়৷ আগুনে পুড়ে একটি বাসের চালকসহ তিনজনের মৃত্যু হয়৷
দুর্ঘটনায় ১০ জন অগ্নিদগ্ধসহ ২০ জন আহত হয়৷ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে যান চলাচল বন্ধ থাকে৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদিখানের চালতিপাড়ায় ঢাকা থেকে মাওয়াগামী গুনগুন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৫৩২০) সঙ্গে মাওয়া থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-জ-১১-০৯২৯) সংঘর্ষ হয়৷ এতে গুনগুন পরিবহনের বাসে আগুন লেগে বাসের চালক বাদশা মিয়াসহ (৫০) তিনজনের মৃত্যু হয়৷ তাৎক্ষণিক নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি৷