সিরাজদিখানে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর সুজন হাওলাদার (২৮) নামের এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ভবনে লাশটি পাওয়া যায়।
সুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। সুজন ঢাকার সদরঘাটে কাপড়ের ব্যবসা করতেন। তিনি জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামের মতিন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুজন ১ মে সন্ধ্যায় ভাটিমভোগ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর খোঁজ না পেয়ে গতকাল সকালে সুজনের বড় ভাই আকবর হোসেন সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার কয়েক ঘণ্টা পরে গতকাল বেলা একটার দিকে তাঁর লাশের সন্ধান পাওয়া যায়।
গতকাল রাতে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।