সিরাজদিখানে পুলিশ বেশে বিদেশ ফেরত ব্যক্তির সর্বস্ব লুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচজনের মধ্যে তিনজনের গায়েই ছিল পুলিশের পোশাক। হাতে ছিল তিনটি পিস্তল। দুজনের হাতে ছিল ওয়্যারলেস। এমন সাজেই গত বৃহস্পতিবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় কুচিয়ামোড়া সেতুর ঢালে একদল ডাকাত বিদেশফেরত মুজিবুর রহমান নামের এক ব্যক্তির সর্বস্ব লুটে নিয়েছে।ডাকাতবেশী ওই পুলিশ অস্ত্রের মুখে সাড়ে চার হাজার ডলার ও স্বর্ণালংকারসহ ১৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে মুজিবুর রহমান অভিযোগ করেন। পুলিশ জানায়, মুজিবুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের নেত্রাবতী গ্রামে। ছয় বছর পরে সিঙ্গাপুর থেকে মুজিবুর দেশে ফেরেন। তাঁর বাবার নাম আবদুল আজিজ হওলাদার। ঘটনা সম্পর্কে মুজিবুর রহমান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরে তাঁর ল্যাগেজ চেকিং শেষে তাঁকে নিতে আসা ছোট ভাই সুমন ও প্রতিবেশী বাবুর মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাসটি ঢাকা-মাওয়া মহাসড়ক হয়ে সিরাজদিখানের কুচিয়ামোড়া সেতুর ঢালে এলে পেছন থেকে সাদা রঙের একটি মাইক্রোবাস তাদের গাড়ির গতিরোধ করে। ওই গাড়িতে পাঁচজনের মধ্যে তিনজনের গায়ে পুলিশের পোশাক ছিল। দুজন ছিল সাদা পোশাকধারী। পুলিশের পোশাকধারী তিনজন তিনটি পিস্তল বের করে পুলিশের পরিচয় দিয়ে বলে, ‘তাদের কাছে খবর আছে, আমার কাছে অবৈধ মাল আছে। এই কথা বলে তাদের কাছে থাকা হাতকড়া আমাকে পরিয়ে তাদের মাইক্রোসবাসে তুলে দ্রুত চলে যায়।’ মুজিবুর বলেন, ‘গাড়িতে তুলে তারা আমাকে মারধর করতে থাকে। আর বলে, “ল্যাপটপের বেগটা কই রাখছস, বের করে দে।” প্রাণভয়ে প্রথমেই সাড়ে চার হাজার ডলার ও প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার দিয়ে দিই। এরপর ল্যাপটপের ব্যাগটিও দিই। আমার কাছে ল্যাপটপ আছে—এমন তথ্য জানার কারণে মনে হচ্ছে তারা আমার কাছে কী কী আছে, এমন খবর নিয়েই এসেছিল।’ এদিকে রাত ১১টার দিকে মুজিবুরকে ঢাকার মহাখালী ফ্লাইওভারের ওপর ফেলে দিয়ে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। বিষয়টি ওই সময় দুজন সার্জেন্টকে জানালে তারা বিষয়টি শুনে বলেন, ‘এখন আমাদের কী করার আছে?’ সার্জেন্টরা তাঁকে ১০০ টাকা দিয়ে বলেন, এই টাকা দিয়ে বাড়ি চলে যান। রাত তিনটার দিকে তিনি বাড়ি ফেরেন। মুজিবুর রহমান জানান, ‘ল্যাপটপটি আমার ব্যক্তিগত কেনা। অনেক দামি ছিল। আমি আসার সময় বিদেশে থাকা বন্ধুবান্ধবের স্বর্ণসহ মালামাল আমার কাছে দিয়েছিল তাদের পরিবারের কাছে দেওয়ার জন্য। সেইসব মালামাল তারা নিয়ে গেছে। সব মিলে ১৪ লক্ষাধিক লাখ টাকার মালামাল হবে বলে জানান তিনি। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করছি।’এদিকে গতকাল শুক্রবার বিকেলে মুজিবুর রহমান বাদী হয়ে সিরাজদিখান থানায় এই বিষয়ে মামলা করেন।