সিরাজদিখানে প্রসূতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল সোমবার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই প্রসূতির নাম ফাতেমা বেগম (২৫)। তিনি উপজেলার রশুনিয়া ধনিয়াপাড়া এলাকার জুয়েল মোল্লার স্ত্রী। ঘটনার পর প্রসূতির আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন।

স্বামী জুয়েল মোল্লা অভিযোগ করেন, গতকাল সকাল ছয়টার দিকে তিনি তাঁর স্ত্রী ফাতেমাকে উপজেলা শহরের হোসনে আরা ক্লিনিকে ভর্তি করেন। পৌনে নয়টার দিকে তাঁর স্ত্রীকে অস্ত্রোপচার করার পর একটি কন্যাসন্তান জন্ম নেয়। ক্লিনিকের গাইনি চিকিৎসক ফৌজিয়া রহমান ভুল অস্ত্রোপচার করায় তাঁর স্ত্রী সন্তান জন্ম হওয়ার পরই মারা যান। ফৌজিয়া রহমান মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

চিকিৎসক ফৌজিয়া রহমান দাবি করেন, ভুল চিকিৎসায় ফাতেমার মৃত্যু হয়নি। অস্ত্রোপচারের পরে উচ্চ রক্তচাপ দেখা দিলে ফাতেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী অ্যাম্বুলেন্স ঢাকায় নেওয়ার পথে ফাতেমা মারা যান।