সিরাজদিখানে বাস খাদে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা তিনটার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমদ্দন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এখনো তাঁদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজধানীর গুলিস্তান থেকে এসএস পরিবহনের একটি বাস ৫০ জন যাত্রী নিয়ে টঙ্গিবাড়ীর উদ্দেশে রওনা হয়। সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমদ্দন এলাকায় অন্য একটি গাড়িকে অতিক্রম করার জন্য চালক গতি বাড়িয়ে দেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি খালে পড়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ঘটনার পর শ্রীনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায় তাঁরা। নিহত তিনজনের লাশ সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাসটির ভেতরে এখনো কেউ চাপা পড়ে আছে কি না খুঁজে দেখা হচ্ছে।