মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করার প্রতিবাদে গতকাল শুক্রবার ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন নিমতলী এলাকায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক শেখ মো. আবদুল্লাহকে বহিষ্কারের প্রতিবাদে গতকাল সকাল ১০টায় এ বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে সিরাজদিখানের উপজেলা বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশে দুই নেতার বহিষ্কারের জন্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিন্হাকে দায়ী করেন।সমাবেশে সভাপতিত্ব করেন বালুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ। বিক্ষোভকারীরা সিনহার কুশপুত্তলিকা দাহ এবং তাঁকে সিরাজদিখানে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ ছাড়া অবিলম্বে দুই নেতার বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। গত ৩১ জুলাই জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক রিপন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হলো। সভাপতির পদ থেকে বহিষ্কার করা প্রসঙ্গে আবদুল কুদ্দুস দাবি করেন, ‘দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক এ সিদ্ধান্ত নিয়েছেন।’ এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিপন মল্লিকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক দুজনই দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়। এ ছাড়া দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত বলে তাঁদের বহিষ্কার করা হয়েছে।