সিরাজদিখানে মূর্তি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর গ্রামের কেসববাড়ির দুর্গামন্দিরে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা দুর্গা প্রতিমাসহ পাঁচটি মূর্তি ভাঙচুর করেছে।মন্দিরের তিনটি মূর্তির মাথা একদম ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি কেসব চন্দ্র চক্রবর্তী বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেছেন।মূর্তি ভাঙচুরের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অজয় চক্রবর্তীসহ পুলিশ ও র‌্যাবের সদস্যরা মন্দিরটি পরিদর্শন করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট শিকারপুরের কেসববাড়ির বটতলায় স্থাপিত দুর্গামন্দিরে নিতাই পাল ও কমল পাল নামের দুই কুমার প্রতিমা তৈরি করে রাত একটার দিকে বাড়ি যান। এরপর ভোরে আশপাশের লোকজন এসে দেখে মূর্তি ভেঙে ফেলা হয়েছে।মন্দির কমিটির সভাপতি কেসর চন্দ্র চক্রবর্তী এই প্রতিবেদককে জানান, এই মন্দিরে ১৫-২০ বছর ধরে পূজা হয়ে আসছে। কিন্তু এমন ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি। গত বুধবার ছোট শিকারপুরের দুর্গামন্দিরে গিয়ে দেখা যায়, মন্দিরের আশপাশে লোকজন ভিড় করে আছে। মন্দিরের ভেতরে তিনটি মূর্তির মাথা ভেঙে মাটিতে পড়ে আছে। ঘটনাস্থলেই কথা হয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের সঙ্গে। সুকুমার রঞ্জন নিন্দা প্রকাশ করে জানান, এ ঘটনা যারা ঘটিয়েছে, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির শত্রু। তাদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।মহিউদ্দিন আহমেদ বলেন, একটি চক্র সরকারকে বিপদে ফেলার জন্য এ ধরনের কাজ করছে। জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অজয় চক্রবর্তী বলেন, মূর্তি মেরাতের কাজ চলছে, পূজা এই মন্দিরে যাতে হতে পারে। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানান, জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মন্দিরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।