সিরাজদিখানে সেতুর টোল আদায় নিয়ে সংঘর্ষ ১০ জন আহত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী-১ সেতুর টোল আদায়কারীদের সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সেতুর টোল প্লাজায় গত শনিবার সকালে ওই সংঘর্ষকালে দুটি বাস ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্র জানায়, খুলনা মহানগর যুবলীগের প্রায় শতাধিক নেতা-কর্মী দুটি বাসযোগে ঢাকায় যুবলীগের সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। পথে টোল না দিয়েই ধলেশ্বরী সেতু পার হতে চাইলে টোল আদায়কারী ব্যক্তিরা বাধা দেন। এতে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, যুবলীগের নেতা-কর্মীরা টোল দিতে রাজি হননি। সম্মেলনে যাওয়ার অজুহাতে খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে অন্যান্য স্থানেও তাঁদের কাছ থেকে টোল নেওয়া হয়নি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালসহ অন্যান্য স্থানে চিকিৎসা দেওয়া হয়।এ ব্যাপারে টোল আদায়কারী ও যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো পক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।