বাগেরহাটের সিরাজুল হক, আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে গতকাল রোববার সিরাজুল হকসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ সায়েদুল হক ও শেখ মোশফেক কবীর। অভিযোগের সঙ্গে তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, দালিলিক তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়া হয়।
সায়েদুল হক সাংবাদিকদের জানান, সিরাজুল হক, লতিফ তালুকদার ও আকরাম হোসেনের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে চারটি অভিযোগে শুধু সিরাজুল হকের সংশ্লিষ্টতা রয়েছে। দুটি অভিযোগে যৌথভাবে লতিফ তালুকদার ও আকরাম হোসেনের সংশ্লিষ্টতা এবং বাকি দুটি অভিযোগে তাঁদের তিনজনেরই সংশ্লিষ্টতা রয়েছে।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত ২৫ আগস্ট এই তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়। তদন্ত সংস্থা জানায়, একাত্তরের ১৩ মে বাগেরহাট সদর থানার রণজিতপুর গ্রামে ৪০-৫০ জন হিন্দুকে হত্যা, ২১ মে রামপালের ডাকরা কালীমন্দিরে ৬০০-৭০০ হিন্দুকে গণহত্যা, ১৮ জুন সদর থানার বেসরগাতী ও কান্দাপাড়া এলাকায় ১৯ জনকে হত্যা এবং ১৪ অক্টোবর সদর থানার চুলকাঠিতে সাতজনকে হত্যার সঙ্গে সিরাজুল হকের সংশ্লিষ্টতা রয়েছে। একাত্তরের ৫ নভেম্বর কচুয়ার শাখারীকাঠি হাটে ৪২ জনকে হত্যা এবং ২২ নভেম্বর কচুয়া সদরে পাঁচজনকে হত্যার সঙ্গে তিনজনেরই সংশ্লিষ্টতা মিলেছে। আর একাত্তরের জুলাই মাসের শেষে শাখারীকাঠি ও আশপাশের এলাকায় ২০০ হিন্দুকে ধর্মান্তরিত করা এবং ১৩ ডিসেম্বর এক মুক্তিযোদ্ধাকে আটকে রেখে নির্যাতন করে হত্যার সঙ্গে লতিফ তালুকদার ও আকরাম হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
গত ১০ জুন এই তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারের পর এই তিনজন কারাগারে রয়েছেন।