সিরাজুলের মিনতি শোনার জন্য কেউ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার সিরাজুল ইসলামের গৃহপালিত ছাগলটি গত শুক্রবার বিকেল থেকে অসুস্থ হয়ে যায়। গত শনিবার তিনি ছাগলটি নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে যান। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসকের আশায় কার্যালয়ের চত্বরে বসে থাকেন।

কিন্তু কোনো চিকিৎসক আসেননি। পরে বিকেল চারটার দিকে হাসপাতাল চত্বরেই তাঁর ছাগলটি মারা যায়। অথচ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এ সময়ে একজন ভেটেরিনারি সার্জন থাকার কথা।

সিরাজুল ইসলাম বলেন, তিনি এক মসজিদের মুয়াজ্জিন। অনেক কষ্ট করে ছাগলটি কিনে বড় করেছেন। ছাগলটি বিক্রি করলে সাত-আট হাজার টাকা পেতেন। কিন্তু তা আর হলো না। হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে মারা গেল। ডাক্তার থাকলে তাঁর ছাগলটি হয়তো বেঁচে যেত।

তিনি বলেন, ‘সরকার এত টাকা খরচ করি হাসপাতাল দিছে, হামার গরু-ছাগলের চিকিৎসার জন্য ডাক্তার থুইছে। কিন্তু ডাক্তার কেন থাকে না। এটা কি কাঁয়ো দেখেও না।’

উপজেলা ভেটেরিনারি সার্জন মনিরুজ্জামান বলেন, শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় তিনি তাঁর গ্রামের বাড়িতে ছিলেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, তিনি শুনেছেন, মূত্রথলি ফেটে শনিবার তাঁর কার্যালয়ের চত্বরে একটি ছাগল মারা গেছে। তিনি ওই দিন রংপুরে ছিলেন। তাই ছাগলটিকে চিকিৎসা দেওয়ার জন্য কেউ ছিলেন না।