সিরাজের মৃত্যুদণ্ড, আকরামের আমৃত্যু কারাদণ্ড
মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে বাগেরহাটের রাজাকার শেখ সিরাজুল হককে মৃত্যুদণ্ড এবং খান মো. আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ রায় দেন।
এই দুজন ছাড়াও আবদুল লতিফ তালুকদারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারিক কার্যক্রম শেষে গত ২৩ জুন রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। এরই মধ্যে গত ২৭ জুলাই দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল লতিফ তালুকদারের। এ কারণে মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয় তাঁকে। পরে রায় ঘোষণার জন্য ১১ আগস্ট তারিখ ধার্য করে ৫ আগস্ট আদেশ দেন একই ট্রাইব্যুনাল।
বেলা ১১টার দিকে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল। এ সময় সিরাজুল ও আকরাম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
এই মামলায় তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে ৭টি অভিযোগ আনা হয়। এর মধ্যে সিরাজুলের বিরুদ্ধে আনা ছয়টির মধ্যে পাঁচটি (১-৫) অভিযোগ প্রমাণিত হয়েছে। পাঁচটিতেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হবে ফাঁসির দড়িতে ঝুলিয়ে অথবা ফায়ারিং স্কোয়াডে। তাঁর বিরুদ্ধে আনা ছয় নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি। এই অভিযোগ থেকে তাঁকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল-১।
আকরামের বিরুদ্ধে আনা দুটি অভিযোগের (৬ ও ৭) মধ্যে একটি প্রমাণিত হয়েছে। ৭ নম্বর অভিযোগে তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ৬ নম্বর অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়, মুক্তিযুদ্ধকালে সিরাজ মাস্টার নামে পরিচিত সিরাজুল হক ছিলেন তৎকালীন বাগেরহাট মহকুমা রাজাকার বাহিনীর ডেপুটি কমান্ডার। আর লতিফ ও আকরাম ছিলেন রাজাকার বাহিনীর সদস্য।
মামলার সাত অভিযোগ: প্রথম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৩ মে সিরাজ মাস্টারের নেতৃত্বে রাজাকার বাহিনী বাগেরহাটের রণজিৎপুর গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়ি লুট ও অগ্নিসংযোগ করে। এ সময় ৪০-৫০ জন হিন্দুকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগ, মুক্তিযুদ্ধকালে ভারতের শরণার্থীশিবিরে যাওয়ার জন্য বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা গ্রামের কালীমন্দিরে দুই-তিন হাজার হিন্দু জড়ো হয়েছিলেন। ২১ মে সিরাজ মাস্টারের নেতৃত্বে রাজাকাররা ওই হিন্দুদের ওপর হামলা চালালে ৬০০-৭০০ জন গণহত্যার শিকার হন।
তৃতীয় অভিযোগ, একাত্তরের ১৮ জুন সিরাজ মাস্টারের নেতৃত্বে রাজাকার ও পাকিস্তানি সেনারা বাগেরহাট সদর উপজেলার বেসরগাতী, কান্দাপাড়া ও কান্দাপাড়া বাজার এলাকার ২০ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন করে। তাঁদের মধ্যে ১৯ জনকে হত্যা করা হয়, একজন ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।
চতুর্থ অভিযোগ, ১৪ অক্টোবর সদর উপজেলার চুলকাঠি, চুলকাঠি বাজার ও ঘনশ্যামপুরে হামলা চালিয়ে ৫০টি ঘর লুট ও অগ্নিসংযোগ করা হয়। সিরাজের নেতৃত্বে রাজাকাররা সাতজনকে হত্যা করে।
পঞ্চম অভিযোগ, ৫ নভেম্বর সিরাজ, লতিফ ও আকরামের নেতৃত্বে রাজাকাররা বাগেরহাটের কচুয়া উপজেলার শাখারীকাঠিতে হামলা চালিয়ে ৪২ জনকে আটক করে। পরে আটককৃতদের নির্যাতন ও হত্যা করা হয়। অনেক বাড়ির মালামাল লুট করে ঘরে আগুন দেওয়া হয়।
ষষ্ঠ অভিযোগ, ২২ অক্টোবর সিরাজ-লতিফ-আকরামের নেতৃত্বে রাজাকাররা কচুয়া সদরের বিভিন্ন গ্রাম থেকে পাঁচজনকে আটক করে নির্যাতন ও হত্যা করে।
সপ্তম অভিযোগ, ১৩ ডিসেম্বর লতিফ ও আকরামের নেতৃত্বে রাজাকাররা মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শিকদারকে আটক, নির্যাতন ও হত্যা করে।
গত বছরের ১০ জুন ওই তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই রাতেই লতিফকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২০ জুন আকরামকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। আত্মগোপনে থাকা সিরাজুলকে গত বছর ২১ জুলাই বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।