
মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের রাজাকার শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বাগেরহাটের আরেক রাজাকার খান মো. আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
রায়ের দিন ধার্য থাকায় সকালেই সিরাজ ও আকরামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাঠগড়ায় দুই আসামির উপস্থিতিতে বেলা ১১টার দিকে ১৩৩ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়ে শোনান তিন বিচারপতি। রায়ে বলা হয়, এই মামলার আসামি তিনজন। এর মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়া পাঁচ অভিযোগেই সিরাজকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর প্রমাণিত হওয়া এক অভিযোগে আকরামকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার মামলা বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাঁকে আসামি থেকে বাদ দেওয়া হয়।
ট্রাইব্যুনাল-১ এ নিয়ে ১০টি এবং ট্রাইব্যুনাল-২ ১১টি মামলার রায় দিলেন।
গত ২৩ জুন এ মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। এর মধ্যে গত ২৭ জুলাই দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল লতিফ তালুকদার। ৫ আগস্ট শুনানি শেষে লতিফকে মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়। ওই দিন মামলার অন্য দুই আসামির বিষয়ে রায় ঘোষণার জন্য ১১ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষ বলেছে, একাত্তরে সিরাজ মাস্টার হিসেবে পরিচিত সিরাজুল হক ছিলেন তৎকালীন বাগেরহাট মহকুমা রাজাকার বাহিনীর ডেপুটি কমান্ডার। মুক্তিযুদ্ধকালে নৃশংসতার জন্য তিনি ‘কসাই সিরাজ’ নামে পরিচিতি পান। লতিফ ও আকরাম ছিলেন রাজাকার বাহিনীর সদস্য। গত বছরের ১০ জুন ওই তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই রাতেই লতিফকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২০ জুন আকরামকে রাজশাহী থেকে এবং ২১ জুলাই বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রাম থেকে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।
পাঁচ অভিযোগে সিরাজের মৃত্যুদণ্ড: এমামলার তিন আসামির বিরুদ্ধে সাতটি অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। প্রথম থেকে ষষ্ঠ অভিযোগে সিরাজুল হককে অভিযুক্ত করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম অভিযোগের প্রতিটিতে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
এক অভিযোগে আকরামের আমৃত্যু কারাদণ্ড: ৫, ৬ ও ৭ নম্বর অভিযোগে আকরামকে অভিযুক্ত করেছিল রাষ্ট্রপক্ষ। এর মধ্যে আকরামের বিরুদ্ধে শুধু সপ্তম অভিযোগ প্রমাণিত হয়। এ জন্য আকরামকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
আপিল করবে আসামিপক্ষ: রায়ের পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, সিরাজুল হকের অপরাধের মাত্রা এতটাই ছিল যে তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
সিরাজ ও আকরামের আইনজীবীরা বলেছেন, তাঁরা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সিরাজের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান বলেন, ‘আমরা এ রায়ে সংক্ষুব্ধ, আপিল করব।’ আকরামের আইনজীবী সারওয়ার হোসেন বলেন, ‘তিনটি অভিযোগের মধ্যে দুটিতে আমরা ন্যায়বিচার পেয়েছি। আরেকটিতে পাইনি। আশা করি আপিলে ন্যায়বিচার পাব।’
বাগেরহাট প্রতিনিধি জানান, সিরাজ ও আকরামের বিরুদ্ধে রায়ে বাগেরহাটের মানুষ সন্তোষ প্রকাশ করে দ্রুত সিরাজুল হকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে। গতকাল রায় ঘোষণার পর জেলা শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। এতে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোজাম্মেল হোসেন এবং সাংসদ শওকাত আলী বাদশা উপস্থিত ছিলেন।
সিরাজুল হকের গ্রাম গোটাপাড়ায় তাঁর আত্মীয়স্বজনই ক্ষুব্ধ তাঁর ওপর। স্বাধীনতার পর তিনি নিজ গ্রাম ছেড়ে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামে বসবাস শুরু করেছিলেন। স্থানীয় লোকজন বলেন, সিরাজ আর কখনো গোটাপাড়া ফিরে যাননি। যদিও সেখানে তাঁদের পূর্বপুরুষের ভিটা রয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার ও এই মামলার সাক্ষী মোস্তাফিজুর রহমান বাদশা বলেন, ‘কসাই সিরাজের মৃত্যুদণ্ডের আদেশে আমরা খুশি। আকরাম হোসেনের ফাঁসি হলে আরও ভালো হতো।’ আরেক মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ বলেন, ‘কসাই সিরাজ এই এলাকায় মানুষের ওপর যে নৃশংস নির্যাতন চালিয়েছেন, তাতে ফাঁসি তাঁর জন্য অনেক কম সাজা।’