সিরাপ খেয়ে নববধূর মৃত্যু, স্বজনদের অভিযোগ হত্যা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বামীর কিনে দেওয়া ‘ভিটামিনের সিরাপ’ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সঞ্চিতা মালাকার (২১) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। সঞ্চিতা উপজেলার পৃথ্বিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের বকুল মালাকারের স্ত্রী।
সঞ্চিতার বাবা সুধেন্দ্রনাথ মালাকার অভিযোগ করেন, বিয়ের আগে থেকেই বকুলের সঙ্গে তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়র প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে সঞ্চিতার সঙ্গে বকুলের মনোমালিন্য চলছিল। এর জের ধরেই সিরাপের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি আপস করার জন্য তাঁকে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ করেন।
তবে বকুল মালাকার অভিযোগ অস্বীকার করেছেন।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবু নাসের বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় বিষক্রিয়ার আলামত পেয়ে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।