সিরাপিনা ধর্ষণ ও আত্মহত্যায় নয় যুবকের বিরুদ্ধে মামলা
রাজশাহীর গোদাগাড়িতে আদিবাসী কিশোরী সিরাপিনা আত্মহত্যার ঘটনায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নয় যুবকের বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এ মামলা করেছেন সিরাপিনার মা সুসান্না সরেন। আদালত মামলাটি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য গোদাগাড়ি থানাকে নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন গোদাগাড়ি উপজেলার আমতলী গ্রামের পরিমল সরেন (১৮), নির্মল মুরমু (২২), রঞ্জন মার্ডি (১৮), জুয়েল মার্ডি (১৮), এলিয়াশ মুরমু (১৮), শিমন হেমব্রম (১৫), জুলিয়ান মার্ডি (২৪), কার্লুস মার্ডি (১৯) ও সাইমন মুরমু (১৫)।মামলার আরজিতে সিরাপিনার মা বলেন, গত বছরের এপ্রিলে ইস্টার সানডের দিন আসামিরা সিরাপিনাকে (১১) পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে সিরাপিনা গোদাগাড়ি থানায় মামলা করে। মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এ গৃহীত হয়। কিন্তু আসামিরা মিথ্যা আশ্বাস, প্রতারণা ও ও ভয়ভীতি দেখিয়ে বাদী এবং সাক্ষীদের আদালতে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করে। ফলে আসামিরা সবাই খালাস পেয়ে যায়। এরপর আপসের নামে আসামি নির্মলের সঙ্গে সিরাপিনার মিথ্যা বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে আসামিপক্ষ। পরে সিরাপিনাকে ভারতে পালিয়ে যাওয়া বা আত্মহত্যা না করলে সামাজিকভাবে বয়কট করার হুমকি দেওয়া হয়। এসব বিষয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। এতে সিরাপিনার বাড়ি থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ধর্ষণের পর এ ধরনের প্রতারণা ও ভয়ভীতির কারণে সিরাপিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গত ১৯ ফেব্রুয়ারি সে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ২০ ফেব্রুয়ারি মারা যায়। এ বিষয়ে গোদাগাড়ি থানায় অভিযোগ করলে পুলিশ একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে। পরে এ নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হলে মূল বিষয়টি আড়াল করে প্রকৃত আসামিদের মামলায় আসামি না করে শুরশুনিপাড়া গির্জার ফাদার বার্নাড টুডুসহ ১৩ জনকে আসামি করে গোদাগাড়ি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করে পুলিশ।বাদীপক্ষের আইনজীবী হামিদুল হক জানান, আদালতের বিচারক আফজাল হোসেন মামলাটি আমলে নিয়ে গোদাগাড়ি থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সিরাপিনার পরিবারকে আইনগত সহায়তা দিচ্ছে জাতীয় মহিলা পরিষদ।তবে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আদালতের কোনো নির্দেশ তাঁরা এখনো পাননি।