সিরাপিনা মার্ডির আত্মহনন সাঁওতালদের দুঃখ, লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার সাঁওতাল কিশোরী সিরাপিনা মার্ডি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে গোটা সাঁওতাল সমাজকে নাড়িয়ে দিয়ে গেছে। আদিবাসী সাঁওতালরা ক্ষোভে, দুঃখে, লজ্জায় মর্মাহত।জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারান্ডি বলেন, ‘ধর্ষণ শব্দটি সাঁওতাল ভাষায় নেই। সাঁওতাল আদিবাসী গোষ্ঠীর মধ্যে এমন গণধর্ষণ এই প্রথম। তাও আবার নিজ জ্ঞাতিভাই ও নিজ সম্প্রদায়ের ছেলেদের দ্বারা, একটি পবিত্র দিনে এমন ঘটনা ঘটল। এ ঘটনায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আদিবাসী সমাজকে লজ্জার মধ্যে ফেলেছে।’জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন প্রথম আলোকে বলেন, সাঁওতাল সমাজে তলে তলে ঘুণ ধরেছে। অপসংস্কৃতি গ্রাস করেছে। নিজস্ব মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। আদিবাসী মেয়েরা ধর্ষিত হয়েছে অন্য সমাজের মানুষ দ্বারা। কিন্তু নিজ গোষ্ঠীর লোকের দ্বারা ধর্ষণের কথা কখনোই শোনা যায়নি। তাও আবার নয়জনের দ্বারা গণধর্ষণ। আর এ ঘটনায় আপস-মীমাংসার সঙ্গে জড়িত ছিলেন সাঁওতাল গোষ্ঠীর নেতারাই। এর চেয়ে লজ্জা ও দুঃখের কিছু হতে পারে না। গত বুধবার দুপুরে গোদাগাড়ী সদরে সিরাপিনা মার্ডির ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগ দিতে এসে রবীন্দ্রনাথ সরেন এসব কথা বলেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন মিজান উদ্দিন বলেন, এসব জাতিগোষ্ঠী নিজস্ব স্বকীয়তা নিয়ে আর বাঁচতে পারছে না। বৃহত্তর জনগোষ্ঠীর অপসংস্কৃতি ও আকাশ সংস্কৃতি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে গ্রাস করে ফেলছে। তাই আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও আজ ইভ টিজিং, ধর্ষণের মতো মানসিক-বৈকল্য ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি। গত বছরের ৪ এপ্রিল স্টার সানডের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলী গ্রামের সিরাপিনা মার্ডি (১৪)। একই গ্রামের নয় আদিবাসী তরুণ কার্লুস মার্ডি, নির্মল মুরমু, জুলিয়ান মার্ডি, জুয়েল মার্ডি, সিমন হেমরম, সাইমন মুরমু, পরিমল সরেন, ইলিয়াস মুরমু ও রঞ্জন মার্ডি তাকে ধর্ষণ করে। ৮ এপ্রিল মেয়ের বাবা উপরিউক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে রাজশাহী মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন। পরে আসামিরা আদালত থেকে খালাস পেয়ে গ্রামে এসে ঘোরাঘুরি শুরু করলে ক্ষোভে-দুঃখে সেরাপিনা মার্ডি ১৭ ফেব্রুয়ারি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ২০ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গত বুধবার দুপুরে সিরাপিনার বাড়িতে গিয়ে জানা যায়, বাবা-মা, চার বোন ও দুই ভাই নিয়ে সিরাপিনাদের সংসার। সে ছিল সবার ছোট। বাবা কর্নেলিউস মুরমু বলেন, ‘স্টার সানডের দিনে বাড়ি ফেরার পথে মেয়েটাকে অত্যাচার করে রাত ১২টার দিকে আমার দরজায় ফেলে যায় রক্তাক্ত অবস্থায়। আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হাঁসুয়া হাতে বেরিয়ে ওদের তাড়া করি। ওরা পালিয়ে যায়। পরে গ্রামপ্রধানের কাছে বিচার চাই। সকালবেলা উল্টো গ্রামের প্রভাবশালীরা আমার বিরুদ্ধেই বিচার বসায়। কেন হাঁসুয়া নিয়ে বের হয়েছিলাম। বিচার করে আমাকে এক হাজার ২০০ টাকা জরিমানা পর্যন্ত করে। এরপর আমি ধর্ষকদের বিরুদ্ধে মামলা করি।’ কর্নেলিউস মুরমু জানান, গ্রামের প্রভাবশালী ও ধর্ষকদের আত্মীয়স্বজনের চাপের মুখে একপর্যায়ে মামলাটি আপস-মীমাংসা করা হয়। সিরাপিনার বড় বোন রত্না মার্ডি বলেন, ‘সিরাপিনা শুরশনিপাড়া মিশন থেকে বাবাকে চিঠি লিখেছিল, বাবা, যদি মামলাটা তুলে নাও, তবে আমি মরে যাব। ওদের (ধর্ষকদের) শাসন করে যাব। তবে সে চিঠি আমি বাবাকে দেখাইনি।’ কেন দেখাওনি প্রশ্ন করলে অশ্রুসিক্ত চোখে অনেকক্ষণ চুপ থেকে রত্না বলে, ‘বড়ই ভুল করেছি।’ওই বাড়িতে উপস্থিত সন্তাল স্টুডেন্ট ইউনিয়নের রাজশাহী বিভাগের সভাপতি যোসেফ হাসদা বলেন, ‘ভারতবর্ষের মধ্যে যেখানে যত সাঁওতাল আছে, তাদের মধ্যে এমন ঘটনা ঘটেনি। সাঁওতালরা একই গোত্রের মেয়েকে বোন-পিসি ভাবে। অথচ সিরাপিনাকে ধর্ষণের সঙ্গে জড়িত চারজনই মার্ডি গোত্রের। এটা কী করে সম্ভব হলো, ভাবতেই অবাক লাগে!’