রাজশাহীর গোদাগাড়ীতে সাঁওতাল কিশোরী সিরাপিনা মার্ডি ধর্ষণ ও আত্মহননের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন। এই সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে সংগঠনটি।গোদাগাড়ীর কাঁকনহাটে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে এই হুমকি দেওয়া হয়। সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয়, রাজশাহী জেলা ও কাঁকনহাট পৌরসভা শাখা যৌথভাবে এই সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি অনুজ সরেন, সহসভাপতি রিপন হাসদা, রাজশাহী মহানগর শাখার সভাপতি যোসেফ হাসদা, সহসভাপতি ভবেশ হাসদা, কাঁকনহাট শাখার সহসভাপতি কর্নেলিয়াস হাসদা, স্থানীয় আদিবাসী নেতা নরেন মারান্ডি প্রমুখ।বক্তারা বলেন, শিরাপিনার আত্মহত্যার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আগামী সাত দিনের মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করা না হলে ঢাকা থেকে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।বক্তারা বলেন, ধর্ষণ মামলা আপস-মীমাংসার অযোগ্য হলেও সিরাপিনা ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। এই মীমাংসার প্রক্রিয়াকে প্রভাবিত করেছে স্থানীয় গির্জা।গত বছরের ৪ এপ্রিল স্টার সানডের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন সিরাপিনা মার্ডি। এ ঘটনায় গ্রামের নয় যুবকের বিরুদ্ধে মামলা করেন সিরাপিনার বাবা কর্নেলিউস মার্ডি। ওই মামলা পরবর্তী সময়ে আপসের মাধ্যমে মীমাংসা হয়। এরপর অভিযুক্ত ব্যক্তিরা খালাস পেয়ে গ্রামে এসে ঘোরাঘুরি শুরু করলে ক্ষোভে-দুঃখে সেরাপিনা গত ২০ ফেব্রুয়ারি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।