শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটের কারণে দুই দিন ধরে হবিগঞ্জে স্টার সিরামিক কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। পাশাপাশি চলছে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব।
পুলিশ ও কোম্পানির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজারে অবস্থিত স্টার সিরামিক কোম্পানিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ধর্মঘট কর্মসূচি পালন করেন।
পরে মালিকপক্ষ বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাইরের অস্থায়ী শ্রমিক এনে কারখানার কার্যক্রম চালাতে চাইলে স্থায়ী ও অনিয়মিত শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আহত হন কোম্পানির স্টোরকিপার ফয়সল আহমেদ (৩০)। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে উপজেলা প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এরপর থেকে গতকাল শুক্রবার রাত আটটার দিকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কারখানাটির উৎপাদন বন্ধ ছিল।
স্টার সিরামিকের নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের সঙ্গে বৈঠক করা হবে।