সিরামিক কারখানায় ফের উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক ধর্মঘটে বন্ধ থাকার চার দিন পর গতকাল সোমবার থেকে হবিগঞ্জে স্টার সিরামিক কোম্পানির কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় এই অচলাবস্থার নিরসন হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজারে অবস্থিত স্টার সিরামিক কোম্পানির কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ ৩ ফেব্রুয়ারি শ্রমিকদের চলতি বছরের ইনক্রিমেন্ট ঘোষণা করেন।
কিন্তু ওই ঘোষণার পরও বেতন না বাড়ায় অসন্তোষ তৈরি হয় শ্রমিকদের মাঝে। যে কারণে গত বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। এ সময় কর্তৃপক্ষ বাইরে থেকে লোক নিয়ে উৎপাদন কার্যক্রম চালাতে গেলে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে গত শনিবার প্রথম আলোতে ‘হবিগঞ্জে শ্রমিক ধর্মঘট, সিরামিক কারখানায় উৎপাদন বন্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গত রোববার রাতে বেতন বৃদ্ধির বিষয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষ সমঝোতায় পৌঁছলে গতকাল থেকে কাজে যোগ দেন শ্রমিকেরা।
স্টার সিরামিকের নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী জানান, গত চার দিন বন্ধ থাকায় প্রায় ১০ কোটি টাকার লোকসান হয়েছে।