সিরিজ বোমা হামলায় দুই আসামির যাবজ্জীবন
লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার ঘটনায় করা মামলায় আজ বৃহস্পতিবার দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনজনকেই বিভিন্ন অঙ্কের অর্থদণ্ডও দেন আদালত।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এ রায় দেন। এ সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট সকালে সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। এ সময় লালমনিরহাটেও হামলা চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামের মোস্তাফিজার রহমান ওরফে মোস্তা ওরফে মামুন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কাশোয়া গ্রামের মনিরুজ্জামান ওরফে ইকবাল ওরফে সেলিম এবং চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উপজেলার দেবীনগর গ্রামের সাদেকুল ইসলাম ওরফে সাদিক। সাদিক পলাতক।
আদালত ও পুলিশ সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সকালে লালমনিরহাট জেলা জজ আদালত প্রাঙ্গণ, কালেক্টরেট (ডিসি কার্যালয়) প্রাঙ্গণ, রেল ও বাসস্টেশন এবং হাসপাতাল এলাকায় বেশ কিছু বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই দিন লালমনিরহাট সদর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ২০০৬ সালের ২৯ অক্টোবর মনিরুজ্জামান ও মোস্তাফিজারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ এ অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করে। ২০০৭ সালে ২১ জুলাই সাদিকুলকেও আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। রায়ে মনিরুজ্জামান ও মোস্তাফিজারকে যাবজ্জীবন কারাদণ্ডে ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পলাতক সাদিকুলকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় দণ্ডিত দুজনকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
লালমনিরহাটের রাষ্ট্রপক্ষের আইনজীবী আকমল হোসেন প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন ও তথ্যপ্রমাণের আলোকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটির রায় ঘোষণা করা হলো। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, এ ধরনের অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, সবাইকে শাস্তি পেতে হবে।