সিরিজ বোমা হামলার আসামি 'নিখোঁজ' ছয় দিন
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি মনোয়ার হোসেন ওরফে উজ্জ্বল (৩৮) ছয় দিন ধরে নিখোঁজ বলে দাবি করেছেন তাঁর বাবা মনিরুল ইসলাম সরদার। এ ব্যাপারে তিনি গত সোমবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁদের বাড়ি সাতক্ষীরা শহরের পশ্চিম ইটেগাছা এলাকায়। মনোয়ার হোসেন জেএমবির জঙ্গি হিসেবে পুলিশের তালিকাভুক্ত।
মনোয়ার হোসেনের স্ত্রী হাসিনা খাতুন বলেন, গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পাশের খড়িবিলা মাঠে মাছ ধরার কথা বলে উজ্জ্বল বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। এ সময় তাঁর পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
হাসিনা খাতুন আরও বলেন, ২০০৫ সালে সিরিজ বোমা হামলা মামলায় কয়েক বছর জেল খাটার পর জামিনে বাড়ি এসে দোকানদারি করতেন মনোয়ার। কারও সঙ্গে মিশতেন না। তবে সম্প্রতি পুলিশ তাঁকে গাছ কাটাসহ নাশকতার অভিযোগে গ্রেপ্তার করে। এক মাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বলেন, উজ্জ্বলের বাবা মনিরুল ইসলাম সরদার ছেলেকে পাঁচ দিন ধরে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে সোমবার থানায় জিডি করেছেন। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, পুলিশ মনোয়ারকে গ্রেপ্তার বা আটক করেনি। তবে তিনি জেএমবির জঙ্গি হিসেবে তালিকাভুক্ত।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মতো সাতক্ষীরায়ও বোমা হামলা হয়েছিল। এ ঘটনায় মনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পান।