সিরিজ বোমা হামলার এক মামলায় তিন জনের কারাদণ্ড
২০০৫ সালে সিরিজ বোমা হামলার ঘটনায় করা এক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ১৭ বছর করে এবং আরেক সদস্যকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন আবদুল্লাহ আল সাত্তার, রেজাউল করিম ও তারেক ইকবাল। তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
রায়ে আসামি আবদুল্লাহ আল সাত্তার ও রেজাউল করিমকে বিস্ফোরক দ্রব্য আইনের ৩(ক) ধারায় সাত বছর করে এবং একই আইনের ৪ ধারায় ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি তারেক ইকবালকে বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ধারায় পাঁচ বছর এবং ৬ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই তিন আসামিকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ে বলা হয়, উভয় সাজা একত্রে চলবে।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল পরে প্রথম আলোকে বলেন, তিন আসামিকে পৃথক ধারায় আদালত সাজা দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানী ঢাকাসহ ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা করা হয়। এর মধ্যে রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকায় বোমার বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও থানা পুলিশ এ মামলা করে। ঘটনাস্থল থেকে জেএমবির লিফলেট ও বিস্ফোরিত বোমার অংশ জব্দ করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০০৭ সালের ২৭ ডিসেম্বর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষ এ মামলায় ১৮ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে।