দুই মাস বয়সী ছেলে সাব্বিরকে যক্ষ্মা রোগের টিকা (বিসিজি) দিতে গত বুধবার চট্টগ্রামের হালিশহর এলাকার আবুলিয়া নগর স্বাস্থ্যকেন্দ্রে যান সাজেদা বেগম। কিন্তু ছেলেকে টিকা না দিয়েই ফিরতে হয়েছে তাঁকে। একই দিনে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরে যেতে হয়েছে আরেক মা শারমিন আক্তারকে। তিনিও দেড় মাস বয়সী সন্তানকে বিসিজির টিকা দিতে চেয়েছিলেন। স্বাস্থ্যকর্মীরা দুজনকেই বলেছেন, সিরিঞ্জ না থাকায় টিকা দেওয়া যাচ্ছে না।
সিরিঞ্জ সংকটের কারণে দুই মাস ধরে চট্টগ্রাম নগরে শিশুদের যক্ষ্মা রোগের প্রতিষেধক দেওয়া সম্ভব হচ্ছে না। সিরিঞ্জ ছাড়াও নগরের টিকাদান কেন্দ্রগুলোতে বিসিজির পর্যাপ্ত টিকা সরবরাহেরও ঘাটতি রয়েছে। শিশুদের টিকা দিতে না পেরে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
হালিশহর আবুলিয়া নগর স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী রীনা চৌধুরী বলেন, ‘সিরিঞ্জের অভাবে আমরা প্রায় দুই মাস ধরে বিসিজি টিকা দিতে পারছি না। অন্যান্য টিকা দিচ্ছি। শিশুদের বিসিজি টিকা দিতে না পেরে প্রতিদিন সাত-আটজন মা ফিরে যাচ্ছেন।’
এই কেন্দ্র থেকে সন্তানকে টিকা দিতে না পেরে ফিরে যাওয়া অভিভাবক শারমিন আক্তার বলেন, ‘এক মাস আগেও একবার বাচ্চাকে টিকা দিতে এসে ফিরে গেছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নগরে স্থায়ীভাবে ১৮টি টিকাদান কেন্দ্র রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া এসব টিকাদান কেন্দ্রে প্রতিদিন টিকা দেওয়া হয়। এর বাইরে ৩৩২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সপ্তাহে দুই থেকে তিন দিন শিশুদের টিকা দেওয়া হয়। কিন্তু সিরিঞ্জ সংকট ও টিকা সরবরাহে ঘাটতি থাকায় প্রায় দুই মাস ধরে শিশুদের বিসিজি টিকা দেওয়া যাচ্ছে না।
জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত সিরিঞ্জ ও টিকার কিছুটা সংকট ছিল। পরবর্তী অবস্থা কী, তা রোববারের আগে বলতে পারব না।’
জন্মের দুই সপ্তাহের মধ্যে শিশুদের বিসিজি টিকা দিতে পারলে ভালো বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান প্রণব কুমার চৌধুরী। তবে ওই সময়ের মধ্যে দেওয়া না গেলে দেড় মাস বয়সে অন্য টিকার সঙ্গেও শিশুকে এটি দেওয়া যায়। ওই সময়ও যদি দেওয়া সম্ভব না হয়, তাহলে এক বছরের মধ্যে অবশ্যই বিসিজি টিকা দেওয়া প্রয়োজন। তা না হলে শিশুর যক্ষ্মার ঝুঁকি থাকবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইপিআই সেন্টারের স্বাস্থ্যকর্মী ফেরদৌসী বেগম বলেন, ‘প্রায় এক মাস ধরে আমাদের এখানে বিসিজি টিকার সিরিঞ্জ সরবরাহ নেই। এক সপ্তাহ ধরে টিকাও পাওয়া যাচ্ছে না। আমরা আগের উদ্বৃত্ত সিরিঞ্জ দিয়ে এত দিন টিকা দিয়ে গেছি। এখন বন্ধ রয়েছে। অন্যান্য টিকা কেবল এখন দেওয়া হচ্ছে। বিসিজি টিকা দিতে না পেরে গড়ে প্রতিদিন ৩০ বাচ্চা ফেরত যাচ্ছে।’
সিরিঞ্জ সংকট ও টিকা সরবরাহের ঘাটতির বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘অক্টোবরের ৬ তারিখ আমাকে শেষবার সিরিঞ্জ পাঠানো হয়। এরপর আর সিরিঞ্জ আসেনি। নগরের কেন্দ্রগুলোতে সিরিঞ্জ নেই। কোনো কোনোটিতে বিসিজিও নেই। আমরা ঢাকায় চাহিদা পাঠিয়েছি। আশা করি ১০-১৫ দিনের মধ্যে সিরিঞ্জ ও বিসিজি সংকট কেটে যাবে।’
সিভিল সার্জন দাবি করেন, নগরে সংকট থাকলেও চট্টগ্রামের কোনো উপজেলায় সিরিঞ্জের কারণে টিকাদান বন্ধ হয়নি।