সিরিয়ায় তাঁবেদার বসাতে চান ওবামা: আবুল মকসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে আজ মৌন কর্মসূচি পালন করা হয়। এতে সৈয়দ আবুল মকসুদ, রুহিন হোসেন প্রিন্স অংশ নেন। ছবি: আব্দুর রশিদ
সিরিয়ায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে আজ মৌন কর্মসূচি পালন করা হয়। এতে সৈয়দ আবুল মকসুদ, রুহিন হোসেন প্রিন্স অংশ নেন। ছবি: আব্দুর রশিদ

বিশিষ্ট গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সিরিয়ায় আসাদ সরকারকে হটিয়ে সেখানে আমেরিকা তাদের তাঁবেদার সরকার বসাতে চায়। এ জন্য বারাক ওবামা সিরিয়ায় আগ্রাসন চালাতে বদ্ধপরিকর।
আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মৌন কর্মসূচি পালন করেন সৈয়দ আবুল মকসুদসহ আরও কয়েকজন। মৌন কর্মসূচি পালন শেষে  তিনি এসব কথা বলেন।
সৈয়দ আবুল মকসুদ বলেন, আমেরিকা ও ফ্রান্স যদি সিরিয়ায় আগ্রাসন বন্ধ না করে, তাহলে এর প্রতিবাদে আগামী সপ্তাহে মৌন মিছিল করা হবে। এ মিছিলে দেশের সব সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আবুল মকসুদ বলেন, ‘আমরা আশা করি, এ যুদ্ধ থেকে তাঁরা সরে যাবেন। বাংলাদেশের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষের পক্ষ থেকে আমরা ইরাক, লিবিয়া ও সিরিয়ায় অবৈধ আগ্রাসনের প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, আমেরিকা সিরিয়ায় আক্রমণ করলে সে যুদ্ধ শুধু সিরিয়ার মাটিতে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সংঘাত ছড়িয়ে যেতে পারে গোটা মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধে কত যে নিরীহ সাধারণ মানুষ, নারী, শিশু ও বৃদ্ধের প্রাণহানি ঘটবে, তা কল্পনা করাও সম্ভব নয়।

আমেরিকাকে আগ্রাসন থেকে বিরত রাখতে রাশিয়া ও চীনের ভূমিকার প্রতি সংহতি প্রকাশ করেন সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘আমরা কোনো ধরনের রক্তপাত চাই না, শান্তি চাই। আমাদের দাবি, ওবামা, ওলাঁদ সিরিয়া থেকে হাত গোটাও।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।