বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ যুবককে গতকাল বুধবার লন্ডনের একটি আদালত সন্ত্রাসী কার্যকলাপের প্রস্তুতির অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। মাশহুদুর চৌধুরী নামে ওই যুবকের অপরাধ, তিনি সিরিয়ায় বাশার সরকারের বিরুদ্ধে ‘জিহাদে’ অংশ নিতে গিয়েছিলেন৷
পোর্টসমাউথ শহরের বাসিন্দা ৩১ বছর বয়সী মাশহুদুর চৌধুরী সিরীয় সংঘাত-সম্পর্কিত সন্ত্রাসের জন্য যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত হওয়া প্রথম ব্যক্তি৷ আগামী ১৩ জুন তাঁর সাজা নির্ধারণ করা হবে৷
আদালতে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, দুই সন্তানের জনক মাশহুদুরকে গত বছরের ২৬ অক্টোবর সিরিয়া থেকে ফেরার পর গ্যাটউইক বিমানবন্দরে আটক করা হয়। অভিযোগে বলা হয়, তিনি ওই বছরের ৮ অক্টোবর চারজন সঙ্গীসহ বাণিজ্যিক যাত্রীবিমানে তুরস্ক হয়ে সিরিয়ায় যান। পাঁচজনের ওই দলের মধ্যে শুধু মাশহুদুরই যুক্তরাজ্যে ফিরে আসেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা অভিযোগ করেন, মাশহুদুর ‘শহীদ‘ হওয়ার আশা প্রকাশ করেছিলেন।
মামলার বিবরণে জানা যায়, যুক্তরাজ্য ত্যাগের আগে মাশহুদুর ইতিমধ্যে সিরিয়ায় পৌঁছানো ইফতেখার জামান নামের একজন যোদ্ধার সঙ্গে স্কাইপে নিয়মিত যোগাযোগ রাখতেন। আদালতে পেশ করা স্কাইপ আলোচনার বিবরণীতে দেখা যায়, মাশহুদুর অস্ত্র কেনা এবং তাঁর প্রশিক্ষণের বিষয়ে জানতে চেয়েছিলেন। এমনকি, এক আলোচনায় তিনি পোর্টসমাউথ থেকে সংগঠিত তাঁদের গ্রুপের নাম ‘আল-ব্রিটানি ব্রিগেড বাংলাদেশি ব্যাড বয়েজ’ রাখার প্রস্তাব দেন।
আদালতে জানানো হয়, ইফতেখার জামান বিবিসির এক অনুষ্ঠানে স্কাইপের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ায় যুদ্ধ করছেন বলে স্বীকার করেছিলেন৷ তিনি পরে সিরিয়ায় লড়াইয়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।
আদালতে মাশহুদুর চৌধুরীর সঙ্গে তাঁর স্ত্রীর এ-সংক্রান্ত কথোপকথনের বিবরণীও তুলে ধরা হয়৷ এতে দেখা যায়, তাঁর স্ত্রী ক্ষুব্ধ হয়ে এর বিরোিধতা করেছিলেন। তবে মাশহুদুর আদালতে দাবি করেন, পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে তিনি সিরিয়ায় অভিবাসী হতে চেয়েছিলেন।
গত ৭ মে লন্ডনের কিংস্টন ক্রাউন কোর্টে এই বিচার শুরু হয়। মাশহুদুর চৌধুরী পোর্টসমাউথে তরুণদের নিয়ে কাজ করতেন (ইয়ুথ ওয়ার্কার)। ব্রিিটশ পুলিশ এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, প্রায় ৫০০ ব্রিটিশ নাগরিক সিরিয়ায় যুদ্ধ করতে গিয়ে থাকতে পারে।