সিরিয়াফেরত ‘জঙ্গি’ আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাখাওয়াত আলী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সিরিয়াফেরত ‘জঙ্গি’ শাখাওয়াত আলীকে জিজ্ঞাসাবাদ করতে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এদিকে শাখাওয়াতের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী এলাকা থেকে শাখাওয়াতকে গ্রেপ্তার করেন সিটিটিসির সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট, মুঠোফোন, ট্যাব, নোটবুক ও ধর্মীয় বই জব্দ করা হয়। সিটিটিসি চট্টগ্রাম ইউনিটের উপপরিদর্শক (এসআই) রাছিব খান সন্ত্রাসবিরোধী আইনে খুলশী থানায় তাঁর বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা করেছেন। পরদিন আদালত শাখাওয়াতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

সিটিটিসির চট্টগ্রাম ইউনিটের উপকমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তিন দিনের রিমান্ড শেষ হওয়ায় আসামি শাখাওয়াতকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শওকত আলী আরও বলেন, রিমান্ডে শাখাওয়াতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের আকবর শাহ এলাকা থেকে শামীমুর রহমান নামের একজনকে আজ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মাধ্যমে শাখাওয়াত আনসার আল ইসলামে যুক্ত হন। আকবর শাহ এলাকার একটি মাদ্রাসার শিক্ষক শামীমের বাড়ি গোপালগঞ্জে। কাল বুধবার তাঁকে হাজির করে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

মামলার এজাহারে বলা হয়, শাখাওয়াত ২০১২ সালে তাঁর ভায়রা মো. আরিফ ও মো. মামুনের মাধ্যমে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত হন। সংগঠনের নেতা চাকরিচ্যুত মেজর জিয়াসহ অন্যদের মাধ্যমে জিহাদি কার্যক্রমে জড়িয়ে পড়েন। এরই অংশ হিসেবে সিরিয়া যুদ্ধে অংশ নিতে ২০১৭ সালে তুরস্কে যান। তুরস্ক থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় ঢুকে ছয় মাস ‘হায়াত তাহরির আরশাম’-এর কাছ থেকে ভারী অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নেন। পরে ইদলিব এলাকায় যুদ্ধে অংশ নেন।

পরবর্তী সময়ে সিরিয়া থেকে সীমান্ত পেরিয়ে তুরস্ক হয়ে ইন্দোনেশিয়ায় যান। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে পুনরায় ইন্দোনেশিয়ায় গিয়ে বসবাস শুরু করেন। গত মার্চে ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরে পুনরায় জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে থাকেন। দেশে থাকাকালীন জঙ্গি সংগঠনের পক্ষে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিঘ্ন করতে এবং দেশকে অস্থিতিশীল, অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে নানা পরিকল্পনা, প্রশিক্ষণ ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের কাজে নিয়োজিত ছিলেন।

মামলার বাদী এসআই রাছিব খান প্রথম আলোকে বলেন, সিরিয়া থেকে এসে দেশে অবস্থান করছেন, এমন খবর পেয়ে শাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়।
শাখাওয়াত খুলশী থানার ওয়াসা মোড়ের পশ্চিমে এম এম আলী রোডের বাসিন্দা শেখ মো. শমসের আলীর ছেলে।

সিটিটিসির চট্টগ্রাম ইউনিটের উপকমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী প্রথম আলোকে বলেন, শাখাওয়াত দেশে ফিরে ভালো হয়ে গেছেন দাবি করেছেন। তাঁর সহযোগীদের সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে। ২০১৬ সালের পর দেশ থেকে তুরস্কে গেলেও অনেকে সিরিয়ায় ঢুকতে পারেননি। শাখাওয়াত কীভাবে ঢুকলেন, জানতে চাইলে শওকত আলী বলেন, আসামি নিজেই জানিয়েছেন, অবৈধভাবে সিরিয়ায় ঢুকেছেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে দামপাড়া পুলিশ লাইনস ইনস্টিটিউশন থেকে এসএসসি পাস করেন শাখাওয়াত। ২০০০ সালে ভারতের জওহরলাল নেহরু প্রি-ইউনিভার্সিটি কলেজ থেকে এইচএসসি পাস করে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমায় ভর্তি হন। কিছুদিন পর চট্টগ্রামের জিইসি মোড়ে একটি বেসরকারি কম্পিউটার ইনস্টিটিউটে বদলি হয়ে আসেন। ২০০৩ সালে আরেকটি বেসরকারি কম্পিউটার ইনস্টিটিউট থেকে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পান। ২০০৬ সালে চট্টগ্রাম ওয়েব ফার্ম নামে একটি ওয়েব ডিজাইন প্রতিষ্ঠান খোলেন। কিন্তু ব্যবসায় সফল না হওয়ায় ২০০৭ সালে যুক্তরাজ্যে গিয়ে ইংরেজিতে ডিপ্লোমায় ভর্তি হন। পরে লন্ডন সিটি কলেজ থেকে ডিপ্লোমা ও লন্ডন গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিংয়ের ওপর এমএসসি ডিগ্রি লাভ করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ২০১১ সালে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসেন শাখাওয়াত। যুক্তরাজ্যে থাকাকালীন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক হয়। দুজনের বিয়ের কথা ঠিক হওয়ায় দেশে আসেন, কিন্তু পরে বিয়ে আর হয়নি। এতে হতাশ হয়ে পড়েন শাখাওয়াত।

দেশে থাকাকালীন নিজেদের লন্ড্রি ব্যবসা দেখাশোনা করতেন শাখাওয়াত। এদিকে নিজ থেকে উদ্বুদ্ধ হয়ে সিরিয়ায় যাওয়ার কথা শাখাওয়াত দাবি করলেও এর পেছনে কে বা কারা আছে, তা খতিয়ে দেখছে কাউন্টার টেররিজম ইউনিট। শাখাওয়াতের দুই ভায়রা আরিফ ও মামুন—দুজনই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তাঁরা কোথায় আছেন, জানে না পুলিশ। আরিফের বাড়ি মিরসরাই ও মামুনের বাড়ি ফটিকছড়িতে। শাখাওয়াতের শ্বশুরবাড়ি রাউজানে। তবে তাঁরা নগরের বাকলিয়ায় থাকেন।