সিরিয়ায় লড়তে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের মৃত্যু
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে লড়াই করতে গিয়ে মেহেদি হাসান (১৯) নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। তিনি যুক্তরাজ্যের দ্বীপশহর পোর্টসমাউথের বাসিন্দা ছিলেন। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
মেহেদি হাসান ‘ব্রিটনি বিগ্রেড বাংলাদেশি ব্যাড বয়েজ’ নামে কথিত একটি জিহাদি গ্রুপের সদস্য ছিলেন। গ্রুপটির ছয় সদস্যের সবাই পোর্টসমাউথের বাসিন্দা। গ্রুপটি জঙ্গিদের পক্ষে লড়াই করতে ২০১৩ সালের অক্টোবর মাসে সিরিয়ায় যায়।
মেহেদির মৃতদেহের একটি ছবি গত শুক্রবার টুইটারে ছড়িয়ে পড়ে। এর আগে পোর্টসমাউথ জামে মসজিদ কর্তৃপক্ষের কাছে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরিবার।
পোর্টসমাউথ জামে মসজিদের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘মেহেদির পরিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। বর্তমানে পরিবারটি বিমর্ষ হয়ে পড়েছে।’
ধারণা করা হচ্ছে, মেহেদি সিরিয়ার কুর্দি-অধ্যুষিত কোবানি শহর দখলে আইএসের পক্ষে সম্মুখ লড়াইয়ে অংশ নিয়ে নিহত হয়েছেন। মেহেদির পরিবারের একজন বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মেহেদি ছিলেন একজন ভদ্র তরুণ। সব সময় তিনি বয়োজ্যেষ্ঠদের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কথা বলতেন।’
মেহেদির সম্ভাব্য ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টটিতে গত ১৭ সেপ্টেম্বরের পর আর কোনো নতুন পোস্ট দেওয়া হয়নি। সর্বশেষ যে পোস্টটি সেখানে দেওয়া হয়েছে, তাতে সিরিয়ার কুর্দি-অধ্যুষিত শহর কোবানির কাছে আইএসের অবস্থানগুলোতে একের পর এক মার্কিন বিমান হামলার বিষয়টি উল্লেখ আছে।