সিল ও স্বাক্ষর জাল করে জামিননামা দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সই ও সিল জালিয়াতি করে আদালতে জামিননামা দাখিলের অভিযোগে চট্টগ্রামে আলমগীর হোসেন নামের এক আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। আলমগীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমদানি-রপ্তানি পণ্যবাহী গাড়ি ছিনতাই চক্রের অন্যতম সদস্য বলে পুলিশ সূত্র জানান। গত ৪ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়।আদালত সূত্র জানায়, আলমগীর লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা। গত সোমবার তিনি চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে জামিন পান। গতকাল মঙ্গলবার আদালতে একটি জামিননামা দাখিল করা হয়। এতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙা খা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজ উল্লাহর স্বাক্ষর ও সিল রয়েছে। আলমগীরের সহযোগী সোহাগ জামিননামায় ভুয়া সই ও সিল মেরে আদালতে দাখিল করেন।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বলেন, ‘আলমগীরের আগের ঠিকানা এবং জামিননামার ঠিকানার মধ্যে গড়মিল ধরা পড়ে। সন্দেহ হলে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় ভাঙা খা ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলি। আলমগীরের পক্ষে আদালতে দাখিল হওয়া জামিননামায় সই ও সিল ওই চেয়ারম্যানের নয়। তাই আমরা আলমগীর ও তাঁর সহযোগী সোহাগের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেছি।’লক্ষ্মীপুরের ভাঙা খা ইউপির চেয়ারম্যান হাফিজ উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আলমগীরকে চিনি না। তার কোনো জামিননামায় আমি সই করিনি।’