সিল মারা নিয়ে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের পারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মাসুদ রানা (৫০)। বাড়ি পবা উপজেলার পারিলা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল মজিদ তালুকদার। এ ছাড়া ইটের আঘাতে আহত হয়েছে নাসির উদ্দিন (১৭)। তার বাবার নাম জয়নাল আবেদীন। বাড়ি পারিলা চকপাড়া গ্রামে। আহত দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, মাসুদ রানার কোমরে গুলি লেগেছে। তবে গুলি ছোড়ার বিষয়ে ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশের সদস্যরা মুখ খোলেননি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফাহিমা বেগমের সমর্থকেরা ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে সাধারণ ভোটারদের বের করে দিয়ে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকেন। এ নিয়ে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাইফুল বারী ভুলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। বাজারে পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়লে মাসুদ রানা গুলিবিদ্ধ হন।
এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা শাহেদ আলী বলেন, কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তাঁকে জানিয়েছেন, এই পরিস্থিতির কারণে ২৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখতে হয়েছে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তখন তিনি পুনরায় ভোট গ্রহণ শুরু করেন। কী পরিমাণ ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এটা নির্দিষ্ট করে প্রিসাইডিং অফিসার তাঁকে বলেননি।
তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফাহিমা বেগমের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, এ ধরনের কোনো ঘটনা ভোটকেন্দ্রে ঘটেনি।
অবশ্য পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন প্রথম আলোকে বলেছেন, অবৈধভাবে সিল মারা ব্যালট পেপারগুলো বাছাই করে বাদ দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে বলা হয়েছে। অবৈধ ব্যালটের সংখ্যা এক্ষুনি বলা যাচ্ছে না।