সিলগালা করে দেওয়া হচ্ছে ঘরোয়া হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল এলাকার ঘরোয়া হোটেলটি সিলগালা করা হচ্ছে। ওই হোটেলের কর্মচারী রিয়াদ (১৬) হত্যা মামলার তদন্তের স্বার্থে হোটেলটি সিলগালা করা হবে বলে জানা গেছে। এ ব্যাপারে আদালতের নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম শিকদার। ঘরোয়ার মালিক আরিফুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক আছেন।
গত ২৭ অক্টোবর রাতে ঢাকার ৭৩ নম্বর স্বামীবাগে ঘরোয়া হোটেলের কর্মচারীদের মেসে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর ওই বাড়ির দোতলায় লাগানো তিনটি ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, হোটেল মালিক আরিফুল ইসলামসহ বেশ কয়েকজন যুবক রিয়াদকে মারধর করে রাত পৌনে একটার দিকে মেসের ভেতরে নিয়ে যান। এর প্রায় ২৫ মিনিট পর গুলিবিদ্ধ অবস্থায় রিয়াদকে আরিফুলের ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যেতেও দেখা যায়।
পরে কর্মচারী জসিমকে দিয়ে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছিনতাইকারীদের গুলিতে রিয়াদ মারা গেছে বলে উল্লেখ করা হয়। লাশ হাসপাতালে পাঠিয়ে আরিফুল বিদেশে পালিয়ে যান। রিয়াদ হত্যার পরদিন থেকে ঘরোয়া হোটেলটি বন্ধ রাখে মালিকপক্ষ। স্বামীবাগের মেস থেকেও হোটেলের কর্মচারীরা চলে গেছেন।
এ ঘটনার পর ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলামকে আসামি করে তিনজনের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন রিয়াদের বড় ভাই রিপন। তদন্তে নেমে পুলিশ হোটেলটি সিলগালা করার জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) আবেদন করেন। আদালত সিলগালা করার আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সিএমএম আদালত ৩ নভেম্বর ঘরোয়া হোটেল সিলগালা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ সপ্তাহে হোটেলটি সিলগালা করা হবে।
রিয়াদ হত্যার ১৯ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। মামলার ২ নম্বর আসামি মো. জসিমকে ঘটনার পরদিন গ্রেপ্তার করা হয়। তৃতীয় আসামি হোটেলের আরেক কর্মচারী ফরিদ মেসিয়ারও পলাতক রয়েছেন। হত্যায় ব্যবহৃত আরিফুলের গাড়ি ও পিস্তলটিও আটক করা যায়নি।
ওয়ারী জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, আরিফুলকে গ্রেপ্তারের জন্য তাঁর গ্রামের বাড়িসহ সম্ভাব্য বেশ কয়েকটি স্থানে পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু তাঁর খোঁজ মেলেনি।
প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী রিয়াদের বড় ভাই মো. রিপন। মামলা করায় আরিফুলের ভাই মুঠোফোনে হুমকি দিয়েছেন বলে ১ নভেম্বর চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রিপন।
চাঁদপুর প্রতিনিধি জানান, জিডির পর স্থানীয় থানার পুলিশ ও কমিউনিটি পুলিশের মাধ্যমে রিপনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার আবদুল হানিফ।