সিলগালা কারখানায় ফের নকল সিগারেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলগালা করার দুই মাসের মধ্যে রাজশাহীর পবায় একটি নকল সিগারেট কারখানায় ফের উৎপাদন শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানার ব্যবস্থাপককে গ্রেপ্তার করেন। আদালত তাঁকে দেড় বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
গতকাল দুপুরে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) একটি দল রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে পবা উপজেলার বাগসারা গ্রামের এই কারখানায় অভিযান চালায়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার কারখানা থেকে ৮ লাখ ৫৮ হাজার ৭০০টি নকল স্টার সিগারেট, ৪ হাজার ৯৫০ কেজি তামাকসহ প্রায় এক কোটি টাকার নকল সিগারেট তৈরি করার সরঞ্জাম জব্দ করা হয়। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থাপককে দণ্ড দিয়ে কারাগারে পাঠান।
পবা উপজেলার বাগসারা গ্রামের ফসলের খেতের মধ্যে ফাঁকা একটি জায়গায় গড়া এই কারখানায় নকল গোল্ডলিফ, স্টার ও শেখ সিগারেট তৈরি করা হচ্ছিল। কারখানার দরজায় দুজন নিরাপত্তা প্রহরী সব সময় দাঁড়িয়ে থাকেন। তাঁরা বাইরের কোনো মানুষকে ভেতরে ঢুকতে দেন না।
গত ২৭ মে এই কারখানায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় ব্যবস্থাপক পালিয়ে যান। তবে ছয়জন শ্রমিককে পাওয়া যায়। তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এবার (গতকাল) ব্যবস্থাপককে গ্রেপ্তার করে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে শ্রমিকদের পাওয়া গেলে তাঁদেরও দণ্ড দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।