সিলগালা প্রতিষ্ঠানে রোগী দেখলেন স্বাস্থ্য কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর সাড়ে ১২টা। বরিশালের গৌরনদী সদরের আল আরব ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিল উপজেলা প্রশাসন ও পুলিশ। বেলা আড়াইটায় ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেল, স্বাভাবিক কার্যক্রম চলছে। একটি কক্ষে রোগী দেখছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
অভিযানকালে গৌরনদী উপজেলা সদরের লাইসেন্সবিহীন ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক গতকাল শনিবার সিলগালা করা হয়। কিন্তু পরে আল আরবসহ অন্তত তিনটি প্রতিষ্ঠানের সিলগালা ভেঙে কার্যক্রম শুরু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় অনেক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে গড়ে উঠেছে। তারা চিকিৎসাসেবার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সম্প্রতি বরিশালের সিভিল সার্জন এ কে এম সফিকুল ইসলাম অভিযান চালিয়ে ৮-১০টি প্রতিষ্ঠান সিলগালা করে দেন। কিন্তু তিনি চলে যাওয়ার পর প্রতিষ্ঠানগুলো পুনরায় কার্যক্রম শুরু করে। এমন পরিপ্রেক্ষিতে সিভিল সার্জনের কার্যালয় থেকে গত ২ অক্টোবর গৌরনদীর ইউএনও এবং গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি দেওয়া হয়। এতে উপজেলায় যাতে কোনো অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কার্যক্রম চালাতে না পারে, সে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস এম আফজাল হোসেন বলেন, ওই চিঠির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ গতকাল বেলা ১১টায় উপজেলা সদরে যৌথ অভিযান শুরু করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম। অভিযানকালে অবৈধ ও লাইসেন্সবিহীন ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এগুলো হলো টরকী এলাকার প্রতীক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক, আশোকাঠী এলাকার আল আরব ডায়াগনস্টিক সেন্টার, সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টার, দক্ষিণ বিজয়পুরের আনসার ডায়াগনস্টিক সেন্টার ও চাঁদশী এলাকার মদিনা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারে সামনে অবস্থিত আল আরব ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয় দুপুর সাড়ে ১২টায়। বেলা আড়াইটায় সেখানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির সিলগালা ভেঙে ফেলা হয়েছে। ভেতরের একটি কক্ষে বসে রোগী দেখছেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশুতোষ গৌতম। এরপর রোগীরা ওই প্রতিষ্ঠানেই পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন। জানতে চাইলে চিকিৎসক আশুতোষ গৌতম দাবি করেন, তিনি ইউএনও মো. মাহবুব আলমের অনুমতি নিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মুঠোফোনে কথা বললে ইউএনও মাহবুব আলম বলেন, প্রতিষ্ঠান অবৈধ হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে কাউকে রোগী দেখার অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।
গৌতম বলেন, আসলে অনুমতি নয়, তিনি ইউএনওকে ‘অবহিত’ করেছেন।
আশোকাঠী এলাকার অপর দুই প্রতিষ্ঠান সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, সেগুলোরও সিলগালা ভেঙে ফেলা হয়েছে। কিন্তু ভেতরে কোনো কার্যক্রম চলতে দেখা যায়নি।
বরিশালের সিভিল সার্জন এ কে এম সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিলগালা করা প্রতিষ্ঠানগুলো অবৈধ ও ভুয়া। এমন কোনো প্রতিষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গিয়ে রোগী দেখে থাকলে সেটা ঠিক হয়নি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।