
রাজধানীর কাপ্তান বাজার কমপ্লেক্স-২-এর অবৈধ ৩০টি দোকান উচ্ছেদ করেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মার্কেটে চলাচল করার জায়গা ও উন্মুক্ত স্থানে নকশাবহির্ভূতভাবে এই দোকানগুলো নির্মাণ করা হয়েছিল। ফলে কমপ্লেক্সের ভেতরে গুমোট পরিবেশের সৃষ্টি হয়েছে৷
কমপ্লেক্স-২-এর দোকানিদের অভিযোগ, এই অবৈধ দোকানগুলোর কারণে মার্কেটের পরিবেশ নষ্ট হয়ে গেছে৷ গত বছর এই দোকানগুলো সিটি করপোরেশন সিলগালা করেছিল। কিন্তু সেই সিলগালা ভেঙে আবার দোকান চালু করা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না ডিএসসিসি। অবিলম্বে এসব দোকানপাট উচ্ছেদ করতে হবে। এলাকাটি ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
গত বছরের ৩ আগস্ট ‘কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন-২: সিলগালা ভেঙে ৩০ দোকান দখল’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই কমপ্লেক্সটি এরশাদ মার্কেট নামে পরিচিত।
জানতে চাইলে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, মার্কেটের নকশাবহির্ভূত যেকোনো স্থাপনাই অবৈধ। শিগগিরই ওই কমপ্লেক্স থেকে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে৷ এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, কাপ্তান বাজার কমপ্লেক্স-২-এর নিচতলার উত্তর পাশের ছয়টি বড় গলি বন্ধ করে যে ছয়টি দোকান নির্মাণ করা হয়েছিল, সেগুলোতে মালামাল তুলে বেচাকেনা চলছে। একই পাশে দ্বিতীয় তলায় আরও ছয়টি দোকান রয়েছে। এ ছাড়া কমপ্লেক্সের মাঝের খালি জায়গায় ফুলবাড়িয়া হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কার্যালয়সহ ১৮টি দোকান নির্মাণ করা হয়েছে। এগুলো সিলগালা করা হয়েছিল।
এ ছাড়া কমপ্লেক্স-২ ও ১-এর মাঝে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৩৮ নম্বর ওয়ার্ড, স্বেচ্ছাসেবক লীগের গুলিস্তান ইউনিট, ওয়ারী থানা শাখা ছাত্রলীগ ও জাতীয় রিকশাভ্যান শ্রমিক লীগের ৩৮ নম্বর ওয়ার্ডের অবৈধ কার্যালয়। তবে এসব কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। দরজা বন্ধ ছিল। অবৈধ দোকানপাট ও সংগঠনের কার্যালয় থাকায় মার্কেটটিতে পর্যাপ্ত আলো-বাতাস ঢুকছে না। ক্রেতারা উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম পাশের ছোট তিনটি গলি দিয়ে চলাচল করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কমপ্লেক্সের কয়েকজন ব্যবসায়ী বলেন, অবৈধ দোকান নির্মাণের ফলে কমপ্লেক্সটি আবদ্ধ হয়ে পড়েছে। এখন মার্কেটে ক্রেতাদের উপস্থিতি অনেক কমে গেছে৷ বর্তমানে ওই অবৈধ দোকান থেকে গড়ে পাঁচ হাজার টাকা করে ভাড়া আদায় করা হয়।
ডিএসসিসি সূত্র জানায়, ১৯৮৬-৮৭ সালে এই কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু গত দুই থেকে তিন বছরের মধ্যে মার্কেটের বিভিন্ন খালি জায়গায় ওই দোকানগুলো নির্মাণ করা হয়। গত বছরের মার্চে সব অবৈধ দোকান সিলগালা করে দেয় ডিএসসিসি। কিন্তু কয়েক দিন পর তালা ভেঙে আবার দোকানগুলো দখল করে ফুলবাড়িয়া হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
অভিযোগ অস্বীকার করে ফুলবাড়িয়া হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ফোরকানুল ইসলাম বলেন, তাঁরা এই মার্কেটে অবৈধ কোনো দোকান নির্মাণ করেননি৷ তবে সমিতির কার্যালয় তাঁরা নিজেরা তৈরি করেছেন।
ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী বলেন, রাতের আঁধারে এই কমপ্লেক্সের ভেতর অবৈধভাবে দোকানগুলো নির্মাণ করা হয়েছিল। এতে কমপ্লেক্সটির পরিবেশ নষ্ট হয়ে গেছে। মার্কেটের পরিবেশের স্বার্থে এসব স্থাপনা উচ্ছেদ করা দরকার। বিষয়টি ডিএসসিসির সম্পত্তি বিভাগকে জানানো হবে।