চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের তিন দিনব্যাপী আই-জেন আবাসিক ক্যাম্প এবং প্রতিযোগিতা গতকাল শনিবার শেষ হয়েছে। প্রতিযোগিতায় সিলভার বেলস গার্লস হাইস্কুল চট্টগ্রাম অঞ্চলের এবং বরিশাল জিলা স্কুল বরিশাল অঞ্চলের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের ক্যাম্প ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম শহরের কাজীর দেউড়ির ব্র্যাক লার্নিং সেন্টারে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ। তিনি সিলভার বেলস গার্লস হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে ট্রফি তুলে দেন এবং গলায় মেডেল পরিয়ে দেন।
গৌতম বুদ্ধ দাশ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই তিন দিনের ক্যাম্প ও প্রশিক্ষণ তোমাদের অনেক কাজে আসবে। আজকের প্রতিযোগীরা ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।
অনুষ্ঠানের অতিথি প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, অনেক বাধাবিপত্তি সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা তরুণ প্রজন্মের। তাঁরা বিশ্বের যেখানে যাচ্ছেন, সেখানেই মেধার প্রমাণ রাখছেন।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন আই-জেনের প্রজেক্ট ম্যানেজার খান এ ও এইচ সাইয়ন এবং তানভীর শুভ।
এদিকে বরিশালের বেসরকারি সংস্থা আভাসের সেমিনারকক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফল ঘোষণা করেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান। চ্যাম্পিয়ন হিসেবে বরিশাল জিলা স্কুলের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে আনন্দে চিৎকার দিয়ে ওঠে জিলা স্কুলের পাঁচ শিক্ষার্থী। সেই আনন্দ ছড়িয়ে পড়ে অন্য সাত জেলার শিক্ষার্থীদের মধ্যে। রানারআপ হয় শরীয়তপুর জেলার পালং তুলাসার উগুরদাস সরকারি উচ্চবিদ্যালয়। এর আগে আট জেলার আট শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে তৈরি ওয়েবসাইট উপস্থাপন করে শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘আমরা যা করতে পারিনি, তোমরা তা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমরাই আমাদের পতাকার সম্মান রাখবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ, গ্রামীণফোন বরিশাল অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক আহসান হাবিব, দীপেষ কুমার দাস প্রমুখ।
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয় সারা দেশের দুই হাজার স্কুলে৷ এতে অংশ নেয় ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী৷