সিলভারডেল প্রিপারেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ওয়ারীর ঐতিহ্যবাহী সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন বাদল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আলোকিত মানুষ হতে হবে। ভবিষ্যতে নিরলস চেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আরও বড় কিছু অর্জন করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার বলেন, ‘প্রতিযোগিতায় বিজয়ীদের ধারাবাহিকতা তোমাদের বজায় রাখার চেষ্টা করতে হবে। আর যারা বিজয়ী হতে পারেনি, তারা ভবিষ্যতে নিজের উন্নয়ন করার চেষ্টা করতে হবে।’
সাঈদা আক্তারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সাইদুর রহমান সরকার এবং শওকত আলী মিঞার পরিচালনায় অনুষ্ঠানে অভিভাবক আবুল কালাম আজাদ, রমেন্দ্র নারায়ণ দাস, বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ ও হামিদা বানু বক্তব্য দেন। পুরস্কার বিতরণ শেষে ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি|