সিলিং ফ্যান ভেঙে পড়ে জেএসসি পরীক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে সিলিং ফ্যান ভেঙে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী সামান্য আহত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত শিক্ষার্থীর নাম উষা আক্তার। সে নগরের পলাশপুর এলাকার আলহাজ দলিলউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও একই এলাকার বাবুল মোল্লার মেয়ে।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য সহকারী মরিয়ম জামিলা বলেন, দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ কেন্দ্রের দ্বিতীয় তলার ১৫ নম্বর কক্ষে একটি সিলিং ফ্যানের নিচের অংশ ভেঙে পড়ে। তবে তা সরাসরি কারও মাথার ওপর পড়েনি। ভেঙে বেঞ্চের ওপর পড়ায় আঘাত কম লেগেছে। উষার মাথা ও ঘাড়ে আঘাত লাগে। দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। কিন্তু একটু পরই সে চেতনা হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ওই কক্ষের পরীক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।