সিলিকোসিসে আরও এক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে আবদুর রশিদ নামের এক শ্রমিক মারা গেছেন। গত বৃহস্পতিবার সকাল ছয়টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবদুর রশিদ (৩২) পাটগ্রাম উপজেলার উফারমারা বামনদল গ্রামের ফজলুল হকের ছেলে।
বুড়িমারী স্থলবন্দর এলাকার কয়েকজন শ্রমিক জানান, আবদুর রশিদ বুড়িমারী স্থলবন্দর এলাকায় সিয়াম এন্টারপ্রাইজ নামের একটি কারখানায় পাথর ভাঙার কাজ করতেন। প্রায় তিন বছর ধরে তিনি এ কাজ করছিলেন। পাথর ভাঙার সময় ধুলা ও পাথরের গুঁড়া নাক-মুখ দিয়ে শরীরে ঢুকে সিলিকোসিস রোগ হয়। আবদুর রশিদ ছাড়াও স্থলবন্দর এলাকার পাঁচ শতাধিক শ্রমিক এ রোগে আক্রান্ত হন। গবেষকদের মতে, অন্যান্য দেশে সিলিকোসিস রোগটি অনেক পুরোনো হলেও বাংলাদেশে নতুন। বুড়িমারী স্থলবন্দর এলাকায় আবদুর রশীদসহ এ পর্যন্ত ২৩ জন শ্রমিক এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুড়িমারী উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আইয়ুব আলী সরকার বলেন, যেসব শ্রমিক পাথর কাটা ও ভাঙার কাজ করেন, সাধারণত তাঁদের মধ্যে সিলিকোসিস রোগ দেখা যায়। সিলিকোসিস রোগে আক্রান্ত হলে শ্রমিকেরা নিজেদের উদ্যোগে ঢাকাসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন। তাই আবদুর রশিদের মৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই।