সিলিন্ডার গ্যাসের আগুনে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সিলিন্ডার গ্যাস থেকে আগুন লেগে একটি ঘর পুড়ে গেছে। এ সময় দুজন গুরুতর আহত হয়েছেন। কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে গত শুক্রবার রাতের এ ঘটনায় ঘটে। আহত ব্যক্তিরা হলেন, লাকী আক্তার (৩০) ও বৃষ্টি আক্তার (১৩)।
আহতদের ব্যক্তিদের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী লাকী আক্তার গত শুক্রবার রাতে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন ধরানোর সময় অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের অন্যান্য কক্ষেও ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে গেলেও রান্নাঘরে থাকা গৃহবধূ লাকী ও গৃহপরিচারিকা বৃষ্টি দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। আহত গৃহবধূ লাকী বলেন, গ্যাসের নতুন সিলিন্ডার লাগিয়ে রাতে রান্নার জন্য চুলায় আগুন দেওয়া মাত্রই ঘরে আগুন ধরে যায়।
খবর পেয়ে কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা আবুল বাশার বলেন, সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে যাওয়ায় চুলায় আগুন দেওয়া মাত্রই এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ লাকী ও বৃষ্টিকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শোয়েব মোহাম্মদ শাহরিয়ার বলেন, গৃহবধূর শরীরের ২৪ শতাংশ ও কিশোরীর ৩৬ শতাংশ পুড়ে গেছে।