সিলিন্ডার ঝুঁকিপূর্ণ হওয়ার কথা তদন্ত প্রতিবেদনে নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আঞ্চলিক ডিপোতে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে সংঘটিত দুর্ঘটনার নেপথ্যে তিনটি কারণকে দায়ী করেছে তদন্ত কমিটি। কিন্তু প্রতিবেদনে দুর্ঘটনার জন্য সিলিন্ডার ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি নেই।
তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য যে তিনটি কারণকে দায়ী করা হয়েছে সেগুলো হলো ডিপোতে সঠিকভাবে সিলিন্ডার ওঠানো-নামানো না করা, ওঠানো-নামানোর কাজে সঠিক তদারক ও শ্রমিকদের দক্ষতার অভাব এবং দুর্ঘটনা মোকাবিলায় ডিপোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও প্রস্তুতির অভাব।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিস্ফোরক অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিদর্শক আসাদুল ইসলাম বেশ কিছু সিলিন্ডার পরীক্ষার পর বিপিসির নিয়ন্ত্রণাধীন তিন কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ৮০ শতাংশ সিলিন্ডারই ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছিলেন। তা ছাড়া দুর্ঘটনার অন্যতম কারণও এই ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বলে মন্তব্য করেছিলেন তিনি। জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে তিনি ঝুঁকিপূর্ণ এসব সিলিন্ডার বাতিলের সুপারিশ করেন।
বিপিসির মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) মো. ফজলুর রহমানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি দুর্ঘটনার ১৫ দিনের মাথায় গত রোববার বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির প্রধান গতকাল সোমবার প্রথম আলোকে প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, এলপিজির বগুড়া আঞ্চলিক ডিপোতে ট্রাক থেকে সঠিকভাবে সিলিন্ডার না নামানোর কারণে একটির সঙ্গে অন্যটির ঘষা থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরে আগুন বাতাসে ছড়িয়ে সিলিন্ডারের মুখ থেকে বের হওয়া গ্যাসের সংস্পর্শে গিয়ে বিস্ফোরণ ঘটে। তা ছাড়া আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ার কারণে চালক দুর্ঘটনাকবলিত ট্রাক দ্রুত চালিয়ে তা ডিপোর ফটক পর্যন্ত আনতে পারলেও অপ্রতুল অগ্নিনির্বাপণ ব্যবস্থার কারণে তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সিলিন্ডার ঝুঁকিপূর্ণ হওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত না করার বিষয়ে জানতে চাইলে কমিটির প্রধান বলেন, বিস্ফোরক অধিদপ্তর কিসের ভিত্তিতে ৮০ শতাংশ সিলিন্ডার ঝুঁকিপূর্ণ বলছে, তা জানা নেই। তবে বগুড়ার ডিপোতে দুর্ঘটনার পর জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে বিপিসির কৈলাসটিলা ও পতেঙ্গা প্ল্যান্টে সিলিন্ডার পরীক্ষার পর গ্যাস ভরা হচ্ছে। পরীক্ষার পর ইতিমধ্যে মেয়াদোত্তীর্ণ ১৩ হাজারের মতো সিলিন্ডার বাতিল ঘোষণা করা হয়েছে।
২০ আগস্টের ওই দুর্ঘটনায় পদ্মা অয়েলের ১৯৫টি গ্যাসভর্তি সিলিন্ডার পুড়ে যায় ও বিস্ফোরণ ঘটে।
এলপি গ্যাস পরিবেশক সমিতি রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আহসানুল রশিদ বলেন, ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বাতিলের কথা থাকলেও পুরোনো মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারেই ফের গ্যাস সরবরাহ করছে বিপিসি। এতে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।