সিলিন্ডার পাল্টে সরকারি এলপি গ্যাস বেশি দামে বিক্রি
জয়পুরহাটের কালাই উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এলপি (তরল পেট্রোলিয়াম) গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ার প্রভাব পড়েছে সরকারি গ্যাসের সিলিন্ডারের ওপর। তুলনামূলকভাবে দাম কম হওয়ায় এই গ্যাস বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে ভরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ক্রেতারা মাসের পর মাস ডিলারদের কাছে ঘুরেও তা কিনতে পারেন না।ডিলার ও ক্রেতাদের কাছ থেকে জানা গেছে, কিছুদিন আগেও বেসরকারি প্রতিষ্ঠান যমুনার প্রতিটি গ্যাসের সিলিন্ডার এক হাজার ৬০, টোটাল এক হাজার ৩০০ ও বসুন্ধরা এক হাজার ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে। এখন যমুনা এক হাজার ৬০০ এবং টোটাল ও বসুন্ধরার প্রতিটি সিলিন্ডার এক হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রতিটি সিলিন্ডার ৭০০ টাকায় বিক্রি হয়। এ কারণে এ সিলিন্ডারের চাহিদা বেশি।বিপিসির একটি সূত্রে জানা গেছে, কালাই উপজেলায় বিপিসির প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির একজন ডিলার আছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম ওমর ফিলিং স্টেশন অ্যান্ড ট্রেডার্স। প্রতিষ্ঠানটিতে খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় প্রতি মাসে ৩০০ থেকে ৩৫০টি গ্যাসের সিলিন্ডারের চাহিদা আছে। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ৩০ থেকে ৪০টি।কালাই আদর্শপাড়ার গৃহিণী জেসমিন আকতার বলেন, ‘সরকারি গ্যাসের জন্য ডিলারের কাছে কয়েক মাস ঘুরেও এক সিলিন্ডার গ্যাস কিনতে পারিনি। প্রতিবারই ডিলারের লোকজন বলেছেন, মজুদ শেষ।’শহরের মোল্লাপাড়ার বাসিন্দা কলেজশিক্ষক মহিউদ্দিন মামুন জানান, সরকারি গ্যাস পাওয়াটা এখন ভাগ্যের ব্যাপার। সারা বছর ডিলারের কাছে ঘুরেও এ গ্যাস পাওয়া যায় না। তাই কোম্পানির গ্যাসই এখন রান্নার জন্য শেষ ভরসা। কিন্তু কোম্পানির গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেড়েছে। এতে সংসারের ওপর বাড়তি চাপ পড়েছে।থানাপাড়ার বাসিন্দা আবদুল বাতেন অভিযোগ করেন, প্রশাসনের নজরদারি না থাকায় সরকারি এলপি গ্যাস বিক্রির নামে চলছে অরাজকতা। প্রতি মাসে কম দামের সরকারি গ্যাস বরাদ্দ এনে ডিলাররা তা কোথায় বিক্রি করছেন, সেটা প্রশাসনের খতিয়ে দেখা দরকার।বিপিসির ডিলার আবদুর রশীদ তালুকদার দাবি করেন, সরকারি গ্যাসের দাম অর্ধেকেরও কম হওয়ায় চাহিদা বেশি। কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দের পরিমাণ খুব কম। ফলে ডিপো থেকে সিলিন্ডারের চালান আসামাত্রই তা বিক্রি হয়ে যায়।বিপিসির নিয়ন্ত্রণাধীন যমুনা অয়েল কোম্পানির বগুড়া অঞ্চলের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিশ্বাস জানান, কালাই উপজেলায় চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করা সম্ভব হয় না। বিপিসির এলপি গ্যাস ভোক্তাপর্যায়ে কীভাবে বিপণন করা হচ্ছে, তা দেখার দায়িত্ব প্রশাসনের।বেসরকারি প্রতিষ্ঠান যমুনার বিপণন কর্মকর্তা মো. নুরুদ্দীন জানান, বিশ্ববাজারে ডলারের দাম বাড়া এবং সরকারিভাবে জ্বালানির দাম বাড়ায় সব কোম্পানির গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে।জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস জানান, সরকারি গ্যাস বরাদ্দ এনে ডিলাররা কী করছেন, তা খতিয়ে দেখা হবে।