সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণে ওমর আলী নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওমরের (২৬) বাড়ি খুলনা তেরখাদা উপজেলার আটিয়া গ্রামে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকায় ইসলাম অক্সিজেন কারখানায় কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইসলাম অক্সিজেন কারখানা থেকে পিকআপ ভ্যানে ‘অক্সিজেন সিলিন্ডার’ নিয়ে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় জুলফিকার রি-রোলিং কারখানায় নিয়ে যান ওমর। পিকআপ ভ্যান থেকে নামিয়ে সাজিয়ে রাখার সময় বিকট শব্দে একটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শহরের খানপুরে ৩০০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইফতেখার হোসেন প্রথম আলোকে বলেন, বিস্ফোরণে ওই শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিস্ফোরণে আহত হয়েই তাঁর মৃত্যু হয়।