সিলিন্ডার বিস্ফোরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে গতকাল রোববার বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। নিহত আল-আমিন (২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ছিলেন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহসিন আলম বলেন, বেলা সাড়ে তিনটার দিকে কামরাঙ্গীরচরে মধ্য রসুলপুরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আল-আমিন নিহত হন। ওই এলাকার এক গ্যাস বেলুনবিক্রেতা সিলিন্ডারটি রোদের মধ্যে রেখে বাসায় ভাত খেতে গিয়েছিলেন। সেখানে রাখা অবস্থাতেই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিস্ফোরণে আল-আমিনের পেট-িপঠ তীব্র আঘাতপ্রাপ্ত হয়। বিকেল পাঁচটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আল-আমিনের বাবার নাম রফিকুল ইসলাম ওরফে মন্টু খাঁ। চাঁদপুরের হাইমচরে তাঁদের বাড়ি। কামরাঙ্গীরচরে কাশেমের বাড়িতে মামা নাজিরউদ্দীনের সঙ্গে থেকে লেখাপড়া করতেন তিনি।
কামরাঙ্গীরচর থানা-পুলিশ জানায়, বেলুনবিক্রেতা পালিয়ে গেছেন। সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।