সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মেয়ে
চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি বাসার রান্নাঘরে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা ও মেয়ে দগ্ধ হয়েছে। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধ দুজনকে প্রথমে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে নেভি হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। এ দুজন হলো রাজু (২৪) ও তাঁর এক বছর বয়সী মেয়ে ঐশী।
চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ প্রথম আলোকে বলেন, আগুনে ঐশীর শরীরের ৫৫ শতাংশ ও রাজুর ৩২ শতাংশ পুড়ে গেছে। আগুনে তাদের শ্বাসনালির অংশ বেশি পুড়েছে। তারা এখনো শঙ্কামুক্ত নয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্য জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, বন্দরটিলা এলাকায় একটি ভাড়া বাসায় রাজু নামের এক ব্যক্তি সিলিন্ডার গ্যাসে রান্না করার সময় এ বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, মেডিকেলে ভর্তি করানোর পর ঐশীর মা ও আত্মীয়স্বজন এসেছেন। দুর্ঘটনার সময় ঐশীর মা একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।